শরীর চর্চা

কান যখন শো শো করে

আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের একটি হলো কান। কান নিয়ে আমাদের অনেক সময় ঝামেলায় পড়তে হয়। কানের এমনি একটি সমস্যার হলো শো শো শব্দ শোনা। বিশেষ করে বয়সী লোকদের মুখে অনেক সময়ই কানে শো শো করার অভিযোগ শোনা যায়। অনেকেই কান নিয়ে এ জাতীয় অভিযোগকে তেমন গুরুত্ব দিতে চান না। বা কানে শো শো করা যে কোনো অসুখের উপসর্গ হতে পারে সে কথাটি তারা মোটেও মানতে রাজি হন না। কিংবা জানেন না।

এই বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা. এস এম খোরশেদ মজুমদার বলেন, “বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানের শ্রবণ ক্ষমতা কমতে থাকে।কানে শো শো করাটা এই শ্রবণ শক্তি দুর্বল হয়ে পড়ার কারণে ঘটতে থাকে। বেশির ভাগ মানুষেরই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানে শো শো করা শব্দ পায়। তবে কেউ এ ব্যাপারে অভিযোগ করেন। আর কেউ কেউ কোনো অভিযোগ করেন না।”

তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কানে শো শো করার উপসর্গ দেখা দিতেই পারে। এ জন্য তেমন দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে দুই কানে একই সঙ্গে শো শো না করে যদি কারো একটি কানে শো শো শব্দের উপসর্গ দেখা দেয় তা হলে সতর্ক হতে হবে। কারণ টিউমার বা অন্য কোনো রোগের কারণে এমন শো শো শব্দ হতে পারে। সে অবস্থায় দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।’’

তিনি বলেন, চিকিৎসকরা এ ধরণের রোগীর চিকিৎসা করতে যেয়ে কানে নানা ধরণের সমস্যা দেখতে পান। হতে পারে কানে কোনো ময়লা জমেছে বা পানি জমেছে। কিংবা কানের পর্দার বয়সের কারণে কানে শো শো করাটা বয়সী মানুষের জন্য অনেক সময় বেশ কষ্টকর সমস্যা হয়ে দেখা দিতে পারে। এ কারণে পরিবারের বয়সী সদস্য কারো সাথে সঠিকভাবে যোগাযোগ করতে পারেন না অর্থাৎ কারো কথা তিনি ভালোভাবে শুনতে পারেন না।’’

তিনি বলেন, “বয়সজনিত কারণে কানে যে শো শো শব্দ শোনা যায় তা সাধারণভাবে কোনো চিকিৎসা বা ওষুধ দিয়ে সারিয়ে তোলা যায় না। এ জাতীয় রোগের সেরা চিকিৎসা হতে পারে হেয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র। ডিজিটাল হেয়ারিং পাওয়া যায় যা দামেও মোটেও বেশি নয়। এ সব শ্রবণ যন্ত্র কানে লাগালে কোনো রকম সমস্যা দেখা দেয়া না। কিন্তু চোখে দেখার সমস্যা হলে কেউ চশমা নিতে অনেকেই কোনো দ্বিধা করেন না। কিন্তু কানের সমস্যার জন্য হেয়ারিং এইড বা শ্রবণ যন্ত্র নেয়ার কথা বলা হলে অনেকেই দ্বিধা বোধ করেন।

তিনি মনে করেন, এই জাতীয় মনোভাব ত্যাগ করা উচিত।

আডি/ ১৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language