ঢালিউড

কোরবানি ও সিনেমার আয়ের টাকা বন্যার্তদের দেবেন অনন্ত জলিল

ঢাকা, ১৯ জুন – সিলেট এবং সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এরইমধ্যে বন্যার্তদের উদ্ধারে শুক্রবারই মাঠে নেমেছে সেনাবাহিনী। পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে পড়ায় উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরাও। এ তৎপরতায় যুক্ত হয়েছে বিমানবাহিনীর দুটি হেলিকপ্টার ও কোস্ট গার্ডের দুটি ক্রুজ।

দেশের ভয়াবহ এ বন্যা পরিস্থিতি নাড়া দিয়েছে শোবিজ অঙ্গনেও। তারা নিজেরা সাহায্যের পাশাপাশি সবাইকে সাহায্যের আহ্বান জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

শনিবার (১৮ জুন) এক ভিডিওবার্তায় বন্যাকবলিত এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন ব্যবসায়ী ও চলচ্চিত্র অভিনেতা-প্রযোজক অনন্ত জলিল। তিনি বলেন, ‘সিলেটের বন্যার ভয়াবহতার কারণে এবার আমি সিদ্ধান্ত নিয়েছি, ১০-১২টা গরু কোরবানি না দিয়ে শুধুমাত্র ১টা বা দুইটি গরু কোরবানি দেবো। এই কোরবানির যত টাকা আছে তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়াবো।

শুধু কোরবানির টাকাই না, আমার ব্যবসার টাকা এবং আমি যে মুভি (দিন: দ্য ডে) মুক্তি দিচ্ছি, সেটা থেকেও টাকা আসবে- সবকিছু দিয়েই সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘যখন যেখানে দুর্যোগ হয় আমি পাশে দাঁড়াই। আমাদের যাদের অর্থ-কড়ি আছে, আমরা কেউ টাকা কবরে নিয়ে যেতে পারব না। আমরা যেটা আয় করি সেটা মানুষের কাজে খরচ করতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। কারণ আপনি-আমি একদিন পৃথিবীতে থাকব না।

আমরা নিজেরা ভোগ না করে, যদি মানুষের কল্যাণে টাকা খরচ করতে পারি, তাহলে আল্লাহ্‌ আমাদের এই দান কবুল করবেন। মরার পর আমাদের পাশে মানুষের দোয়া ছাড়া আর কিছুই থাকবে না। যে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ান। সবাই মিলে একটু একটু করলেও তাদের অনেক সহায়তা হবে।’

এম এস, ১৯ জুন

Back to top button
🌐 Read in Your Language