জাতীয়

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এস বি চৌধুরী আর নেই

ঢাকা, ১১ নভেম্বর- বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর শেগুফতা বখত চৌধুরী মারা গেছেন। তিনি এস বি চৌধুরী নামেই বেশি পরিচিত ছিলেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ১২টার দিকে তিনি মারা যান বলে বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

৮৬ বছর বয়সী এস বি চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার।

এস বি চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং যুক্তরাষ্ট্র থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন।

তিনি বাংলাদেশ ব্যাংকের চতুর্থ গভর্নর হিসেবে ১৯৮৭ সালের ১২ এপ্রিল থেকে ১৯৯২ সালের ১৯ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে স্বাধীনতার পর বাংলাদেশের আমদানি ও রপ্তানি ব্যুরোর চিফ কন্ট্রোলার ছিলেন এস বি চৌধুরী। অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং পেট্রোলিয়াম মন্ত্রণালয় ও অভ্যন্তরীণ রেভিন্যু ডিভিশনের (আইআরডি) সচিব ছিলেন তিনি।

গভর্নরের দায়িত্ব পালনের আগে এস বি চৌধুরী ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

তিনি ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

১৯৩১ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন এস বি চৌধুরী। তার বাবা ছিলেন দেওয়ান মামুন চৌধুরী এবং দাদা ছিলেন খান বাহাদুর ওয়াসিল চৌধুরী। তিনি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর ভাগ্নে।

কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, “পেশাগত জীবনে এস বি চৌধুরী ধীর, স্থির, মেধা, দক্ষতা ও মননশীলতায় ছিলেন অনন্য। আর্থিক খাতের কর্ণধার হিসেবে তিনি উদ্ভূত সমস্যাদি দায়িত্বশীলতার সাথে মোকাবেলা করেন।”

তার মৃত্যুতে বর্তমান গভর্নর ফজলে কবির শোক প্রকাশ করেছেন।

পূর্বসূরির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “সুচিন্তক, মেধাবী, সততা ও দক্ষতায় অনন্য এস বি চৌধুরী আর্থিক খাতের সংস্কার সাধনে অগ্রণী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে।”

প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন ফজলে কবির।

সূত্র: বিডিনিউজ

আর/০৮:১৪/১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language