ক্রিকেট

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও আগের অবস্থানে সাকিব

ঢাকা, ১১ নভেম্বর- নিষেধাজ্ঞা পাওয়ার আগে ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ছিলেন শীর্ষে। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর পরই আগের অবস্থান ফিরে পেয়েছিলেন। এবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও ফিরে পেলেন নিজের আগের অবস্থান।

ছোট সংস্করণের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে আছেন সাকিব। তার উপরে কেবল আফগানিস্তানের মোহাম্মদ নবী।

সাকিব না থাকায় এত দিন দুইয়ে ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার নেমে গেছেন তিনে।

পাকিস্তান ও জিম্বাবুয়ের টি-টোয়েন্টি সিরিজ শেষে বুধবার টি-টোয়েন্টির নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। ২৬৮ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব আছেন দ্বিতীয়তে। শীর্ষে থাকা নবীর পয়েন্ট ২৯৪। তিনে থাকা ম্যাক্সওয়েলের রেটিং ২২০।

গত বছর অক্টোবরে এক বছরের নিষেধাজ্ঞা পাওয়ায় নিয়ম অনুযায়ী র‌্যাঙ্কিং থেকে সরিয়ে নেওয়া হয় সাকিবের নাম। নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার নাম ফের যুক্ত হলো। টেস্ট র‌্যাঙ্কিং আপডেট হলে সেখানেও যুক্ত হবে সাকিবের নাম।

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে সাকিব আছেন ৪৯তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের সবার ওপরে লিটন দাস। তার র‍্যাঙ্কিং ২১। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ২০তম স্থানে থাকা সাকিবই বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে। ৩১তম স্থান নিয়ে তার পরে আছে মোস্তাফিজুর রহমান।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন ইংল্যান্ডের ডেভিড মালান। বোলারদের তালিকায় শীর্ষে রশিদ খান। শীর্ষ দল অস্ট্রেলিয়া।

সূত্র: দেশ রূপান্তর
আডি/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language