ফুটবল

রিয়ালে সবাইকে ছাড়িয়ে মার্সেলো

রিয়াল মাদ্রিদের বর্ণাঢ্য ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড় হলেন মার্সেলো। এই অভিজ্ঞ ফুলব্যাক স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে ২৪তম ট্রফি হাতে নিলেন লা লিগা জিতে, ক্লাবের ইতিহাসে অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি শিরোপার মালিক তিনি।

শনিবার ৪-০ গোলে এস্পানিওলকে উড়িয়ে চার ম্যাচ হাতে রেখে লা লিগা জিতেছে রিয়াল। তাতেই ব্যক্তিগত অর্জনে নাম লিখলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার।

রিয়াল তাদের ৩৫তম লা লিগা জিতল, এর মধ্যে ছয়টিতেই ভাগ বসিয়েছেন মার্সেলো। ২০০৭, ২০০৮, ২০১২, ২০১৭ ও ২০২০ সালের পর এবার হাত রাখলেন আরেকটি ট্রফিতে।

মার্সেলো এর আগে চারটি ক্লাব বিশ্বকাপ, চারটি চ্যাম্পিয়নস লিগ, দুটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ ও তিনটি উয়েফা সুপার কাপ জিতেছেন।

৩৩ বছর বয়সী মার্সেলো ২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে মাদ্রিদে যোগ দেন এবং সব প্রতিযোগিতা মিলে খেলেছেন ৫৪৪ ম্যাচ, শুরু থেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য তিনি।

এই মৌসুমে অন্যবারের তুলনায় একটু কমই দেখা গেছে মার্সেলোকে। মাঝেমধ্যে আর্মব্র্যান্ডও পরেছেন। এবার সব প্রতিযোগিতা মিলে ১৬ ম্যাচ খেলেছেন, যার মধ্যে ১০টি ল লিগা। শনিবার ইতিহাস গড়ার দিনে এস্পানিওলের বিপক্ষে খেললেন ৯০ মিনিট, লিগের এই আসরে যা দ্বিতীয়বার।

সূত্র : রাইজিংবিডি
এম এস, ০১ মে


Back to top button
🌐 Read in Your Language