সারাদিন রোদে ঘুরেছেন? চটজলদি সৌন্দর্য ফিরিয়ে আনুন সামান্য যত্নেই!
আমরা পহেলা বৈশাখ আমরা বেশ ভালো করেই পালন করে থাকি। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া, মেলায় যাওয়া এবং রমনায় বসে গান শোনা সবই আমরা অনেক আনন্দের সাথে করে থাকি। কিন্তু আমাদের চেহারা? সারাদিনের এতোসব ঝক্কিঝামেলায় চেহারার বেজে যায় বারোটা। কড়া রোদে ঘোরাঘুরি করার ফলে ত্বকের ক্ষতি হয় অনেক। পহেলা বৈশাখের মত উৎসবগুলো একটু ভালোভাবে পালন করতে গিয়ে চেহারার ভীষণ ক্ষতি হাসিমুখে মেনে নেন অনেকেই। ভাবেন, মাত্র একটি দিনই তো। কিন্তু মাত্র একদিনের ক্ষতি বেশ ভালো করেই ছাপ ফেলে যায় সৌন্দর্যের ওপর। তাই এই সময় অবশ্যই ত্বকের ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য একটু যত্ন নেয়া অত্যন্ত জরুরী। চলুন তবে দেখে নেয়া যাক কিভাবে পুষিয়ে নেবেন ত্বকের ক্ষতি সামান্য যত্নআত্তিতে।
১ম ধাপ
সারাদিন শেষে বাসায় ফিরে ত্বক বেশ ভালো করে ধুয়ে নিন। মেকআপ ভালো করে মেকআপ রিমুভার দিয়ে তুলে নিন। এরপর পানির ঝাপটায় ভালো করে ত্বক ধুয়ে ফেলুন। একটি তাজা শসা বা টমেটো কেটে নিয়ে ত্বকে ভালো করে ঘষে নিন। শুকিয়ে উঠলে ত্বক আবার পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
২য় ধাপ
১ টেবিল চামচ চিনিতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস দিয়ে ত্বকের ওপরটা আলতো করে আঙুলের দগা দিয়ে ঘষে নিন। এটি বেশ ভালো প্রাকৃতিক স্ক্রাবের কাজ করবে। এতে করে ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা দূর হবে।
৩য় ধাপ
একটি বাটিতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস, ১ টেবিল চামচ গোলাপজল এবং ২ টেবিল চামচ শসার রস ভালো করে মিশিয়ে ত্বকে লাগান। মিশ্রণটি ত্বকে শুকোতে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ত্বকের রোদেপোড়া লালচে ভাব দূর করবে।
৪য় ধাপ
একটি বাটিতে ১ টি কলা পিষে নিন। এতে ১ টেবিল চামচ মধু এবং পরিমাণ মতো দুধ দিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে আলতো ঘষে তুলে ফেলুন। এটি ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।
৫ম ধাপ
মুখ ভালো করে ধুয়ে নিয়ে একটি ব্রাশের সাহায্যে ত্বকে কাঁচা দুধ লাগান। দুধটুকু ত্বকে শুকোতে দিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। খেয়াল রাখবেন শুকিয়ে যাওয়া দুধ যেন ত্বকে না থাকে। ভালো করে ত্বক ধুয়ে মুছে ফেলবেন। এতে ক্ষতিগ্রস্থ ত্বক ঠিক হবে।
৬ষ্ঠ ধাপ
ত্বকে ময়েসচারাইজার লাগান। সারাদিনের রোদে ত্বকের আদ্রতার মাত্রা নষ্ট হয়ে যায়। তা ঠিক করার জন্য ত্বকে ভালো কোনো ময়েসচারাইজার লাগিয়ে নিন। ব্যস দেখবেন সারাদিন রোদে ঘুরাঘুরির কোনো ছাপই ত্বকে থাকবে না পরের দিন থেকে। ত্বক থাকবে আগের মতোই অসাধারণ।
আডি/ ০৬ নভেম্বর









