আ.লীগ নেতা টিপু হত্যা, স্ত্রীর মামলা দায়ের

ঢাকা, ২৫ মার্চ – মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুসহ দুজনকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত টিপুর স্ত্রী জলী আক্তার বাদি হয়ে শাজাহানপুর থানায় এ মামলা দায়ের করেন।
শুক্রবার (২৫ মার্চ) সকালে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন মোল্লা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘আমরা মামলাটি গ্রহণ করেছি। একজন তদন্ত অফিসার নিয়োগ করা হয়েছে। তবে মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। তদন্তপূর্বক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।’
স্থানীয়রা জানিয়েছেন, অভ্যন্তরীণ কোন্দলের বলি হয়েছেন টিপু। বর্তমান কমিটির লোকজনের সঙ্গে এ কোন্দল চলে আসছে। রাজনৈতিকভাবে শক্ত অবস্থানের জন্য টিপুকে বিপক্ষের লোকজন হত্যা করেছে।
অনেকে আশঙ্কা প্রকাশ করে বলেছেন, খুনিরা শুধু টিপুকে নয়, নেতা-কর্মীদেরও হত্যা করতে পারে। অনেকেই প্রাণ ভয়ে এলাকায় প্রবেশ করতে পারছে না। আতঙ্ক বিরাজ করছে। অনেকেই টিপুকে হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কারও নাম বলতেও সাহস পাচ্ছে না। এজন্য তারা দলের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এর আগে বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত পৌনে ১০টার দিকে শাজাহানপুর ইসলামী ব্যাংক হাসপাতালের সামনের দিকে টিপুর গাড়ি লক্ষ্য করে হেলমেট পরা দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি করে। গুলিতে টিপু, তার গাড়িচালক মুন্না এবং রিকশা আরোহী একটি কলেজশিক্ষার্থী প্রীতি গুলিবিদ্ধ হন। এ ঘটনায় টিপু ও প্রীতির মৃত্যু হয়।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ মার্চ









