ওভেনের ভেতর থেকে দুই মাসের শিশুর মরদেহ উদ্ধার

নয়াদিল্লি, ২২ মার্চ – মাইক্রোওয়েভ ওভেনের ভেতর থেকে দুই মাস বয়সী এক কন্যাশিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (২১ মার্চ) ভারতের রাজধানী দিল্লির চিরাগ দিল্লি এলাকায় এ ঘটনা ঘটে।
ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) বেনিতা মেরি জাইকার বলেন, বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে তারা শিশুটির মৃত্যুর খবর পান। সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে। অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যামামলা দায়ের করা হয়েছে।
তিনি বলেন, শিশুটির বাবা-মা গুলশান কৌশিক ও ডিম্পল কৌশিককে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরও তদন্ত চলছে।
একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিক তদন্ত অনুযায়ী, মামলার প্রধান সন্দেহভাজন হচ্ছেন শিশুটির মা। তিনি কন্যাশিশু জন্ম নেওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, অনন্যা এ বছরের জানুয়ারিতে জন্মগ্রহণ করে এবং মিসেস কৌশিক তখন থেকেই বিরক্ত ছিলেন। এমনকি এ নিয়ে স্বামীর সঙ্গে তার ঝগড়াও হয়।
এই দম্পতির চার বছরের একটি ছেলেও রয়েছে।
যে প্রতিবেশী পুলিশ খবর দেন, তিনি জানান, ডিম্পল কৌশিক নিজেকে ঘরের মধ্যে আটকে রেখেছিলেন। আমরা কাঁচ ভেঙে ঘরে প্রবেশ করি। এরপর দেখি ওই নারী তার ছেলের সঙ্গে অচেতন অবস্থায় পড়ে আছেন। কিন্তু দুই মাস বয়সী শিশু অনন্যা নিখোঁজ ছিল।
অনন্যার দাদি এবং কিছু প্রতিবেশী তখন সারা বাড়ি ঘুরে দেখেন এবং মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে শিশুটিকে খুঁজে পান।
ঘটনার সময় শিশুটির বাবা বাসার পাশের একটি দোকানে ছিলেন বলে জানায় পুলিশ।
সূত্র: আরটিভি
এম ইউ/২২ মার্চ ২০২২









