দক্ষিণ এশিয়া

তেলের জন্য লাইনে দাঁড়িয়ে প্রাণ গেলো ২ জনের

কলম্বো, ২০ মার্চ – শ্রীলঙ্কায় জ্বালানি তেলের জন্য লাইনে দাঁড়িয়ে দুইজনের প্রাণ গেছে। দেশটির পুলিশ জানিয়েছে, আলাদা লাইনে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, করোনা মহামারি শুরুর পর থেকেই তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার অভাবে দেশটিতে ব্যাপক খাদ্য ঘাটতির পাশাপাশি জ্বালানিতেও অভাব দেখা দিয়েছে। মূল্যস্ফীতির ফলে পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কলম্বোতে পুলিশের মুখপাত্র নলিন থালডুয়া বলেন, দেশের দুটি ভিন্ন অংশে পেট্রোল ও কেরোসিন তেলের জন্য অপেক্ষা করার সময় তারা মারা যান। তাদের দুইজনের বয়সই সত্তরের কোটায়।

গত কয়েক সপ্তাহ ধরেই দেশটির সাধারণ নাগরিকরা তেলের জন্য লাইনে দাঁড়াচ্ছে। এসময় তাদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। অন্যদিকে চলছে নিয়মিত লোডশেডিং।

এদিকে দেশটিতে সরকারবিরোধী আন্দোলনও জোরদার হচ্ছে। এরই মধ্যে অনেকেই প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন।

গত সপ্তাহে কলোম্বর প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে হাজার হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। শ্রীলঙ্কার বিরোধীদল ইউনাইটেড পিপল’স ফোর্স এ বিক্ষোভের নেতৃত্ব দেন।

বৈদেশিক রিজার্ভের পরিমাণ কমে যাওয়ায় দেশটির সরকার আমদানির অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে। পর্যাপ্ত জ্বালানি না থাকায় প্রভাব পড়েছে পরিবহনের ওপরও।

তাছাড়া মুদ্রার অবমূল্যায়নের ফলে পণ্যের মূল্য লাফিয়ে বেড়েছে। এমন অবস্থায় সরকার কিছু ফল ও দুগ্ধ পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। এর আগে গাড়ি, টাইলসসহ বেশি কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় শ্রীলঙ্কান সরকার।

সূত্র: জাগো নিউজ
এম ইউ/২০ মার্চ ২০২২


Back to top button
🌐 Read in Your Language