দক্ষিণ এশিয়া

দিল্লিতে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯ জনের মৃত্যু

দিল্লি, ৩ মে – ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছেন। রবিবার ভোররাতে সংঘটিত এই দুর্ঘটনায় আরও দুইজন দগ্ধ ও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সময় রাত ৪টার দিকে চারতলা ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান যে ভবনটি থেকে ১০ জনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে উদ্ধার অভিযানের সময় ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে যে আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটতে পারে। নিহতদের মরদেহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language