রাম চরণকে দেখতে দুবাইয়ে মানুষের ঢল (ভিডিও)

হায়দ্রাবাদ, ২০ মার্চ – ভারতের দক্ষিণী সিনেমার মেগাস্টার রাম চরণ। অভিনয় ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রচারের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটির প্রচারের জন্য বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন।
বিস্ময়কর বিষয় হলো দূর দেশে রাম চরণকে অভিবাদন জানাতে জনতার ঢল নেমেছিল। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, বিশাল খোলা মাঠের এক পাশে তৈরি করা হয়েছে স্টেজ। তার সামনে অসংখ্য মানুষ। রাম চরণ মঞ্চে পা রাখার পর উল্লাসে ফেটে পড়েন তারা।
পিংক ভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, ‘ট্রিপল আর’ সিনেমার প্রচারের অংশ হিসেবে গত ১৮ মার্চ দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাম চরণ ছাড়াও দুবাইয়ে গিয়েছেন ‘ট্রিপল আর’ সিনেমার পরিচালক এস এস রাজামৌলি, অভিনেতা জুনিয়র এনটিআর ও সিনেমার টিমের সদস্যরা। দুবাইয়ের ভক্তদের এমন অভিবাদনে মুগ্ধ রাম চরণ।
কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে ‘ট্রিপল আর’ সিনেমার গল্প। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন জুনিয়র এনটিআর ও রাম চরণ। এছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— আলিয়া ভাট, অজয় দেবগন, রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডি প্রমুখ।
শুরুতে ২০২০ সালের জুলাইয়ে ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেন নির্মাতারা। এরপর তা পিছিয়ে গত বছর জানুয়ারি করা হয়। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় ফের তারিখ পরিবর্তন করতে হয় নির্মাতাদের। পরবর্তী সময়ে ১৩ অক্টোবর মুক্তির তারিখ নির্ধারণ করেন তারা। কিন্তু সেটিও পরিবর্তন করে ৭ জানুয়ারি করা হয়েছিল। করোনার কারণে এই তারিখে মুক্তিও স্থগিত করা হয়েছে। আগামী ২৫ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।
What a Massive Welcome by our #Dubai fans! Feels like we are in India… Love you so much ❤️ #RRRinDubai #RRRMovie pic.twitter.com/QqSKNr2Jnu
— RRR Movie (@RRRMovie) March 18, 2022
এন এইচ, ২০ মার্চ









