কক্সবাজার

যুবককে গুলি করে মারলো রোহিঙ্গা সন্ত্রাসীরা

কক্সবাজার, ৫ নভেম্বর- কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে আব্দুস শুক্কুর (৩৫) নামে স্থানীয় এক যুবক খুন হয়েছে। শুক্কুর একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হ্নীলা ইউনিয়নের জাদিমুরার নয়াপাড়ার ২৬ নং রোহিঙ্গা শিবির সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার আবুল বশরের ছেলে।

নিহতের চাচা আবুল হাশিম জানান, জাকির ডাকাতের নেতৃত্বে ৭/৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী বাড়িতে গিয়ে কোন কথা ছাড়াই আব্দুস শুক্কুরকে টেনে-হিঁচড়ে ঘর থেকে বের করে পরপর ৩টি গুলি করে। এরপর বাড়ির অন্যদেরও হত্যার হুমকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের দিকে চলে যায়।

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক হেমায়তুল ইসলাম জানান, রোহিঙ্গা শিবির থেকে আনুমানিক আড়াই গজ দূরে সড়কের ওপর এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত ব্যক্তি একটি আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসেবে কাজ করতেন। সম্প্রতি রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনায় সে সহযোগীতা করেছে বলে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। অপরাধীদের ধরতে আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে।

টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language