চট্টগ্রামে বিয়ের আসরেই সুখী জীবনের পরামর্শ পাচ্ছেন নবদম্পত্তিরা

চট্টগ্রাম, ১৯ মার্চ – কোথাও বিয়ে হচ্ছে, এমন খবর পেলেই ছুটে যাচ্ছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের কর্মীরা। হাতে থাকে নতুন বর ও কনের জন্য বাংলাদেশ সরকারের একটি গিফট বক্স। সুখী, সুন্দর ও পরিকল্পিতভাবে জীবন গড়তে বিয়ের আসরেই নবদম্পতিকে দেওয়া হয় গুরুত্বপূর্ণ পরামর্শ।
একই সঙ্গে নবদম্পত্তির হাতে তুলে দেয়া হয় গিফট বক্সটি। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপস্থিত কর্মীরা নববধূ ও বরকে ধারণা দেন নতুন জীবন সম্পর্কে। বিয়ের পর কিভাবে সুখী জীবনযাপন করতে হয় তা নিয়ে চলে আলাপচারিতা।
শনিবার (১৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে দেখা যায় এমন চিত্র। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কয়েকজন পুরুষ ও মহিলা কর্মী হাতে গিফট বক্স নিয়ে হাজির হয় বিয়ের অনুষ্ঠানে। তারা বর ও কনের কাছে গিয়ে হাতে থাকা গিফট বক্সটি দিয়ে শুরু করেন পরিকল্পনা মাফিক জীবন গড়ার নানা পরামর্শ। ১০ থেকে ১৫ মিনিট ধরে বর-কনেকে পরিকল্পিতভাবে জীবন গঠনের পরামর্শ দেন তারা। এদিকে জীবনের শুরুতেই এমন গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে খুশি হন নব দম্পতিরাও।
জানা গেছে, সন্তান জন্ম দিতে গিয়ে দেশে লাখে ১৯৪ জন ‘মা’ মারা যান। মাতৃ ও শিশুমৃত্যু রোধ, বিয়ের পরপর সন্তান ধারণ না করা, ১ম সন্তান জন্মের অন্তত ৩ বছর পর ২য় সন্তান নেওয়া এবং ‘মা ও শিশু’র স্বাস্থ্য রক্ষা নিয়ে কাজ করছে পরিবার পরিকল্পনা বিভাগ। নবদম্পতিকে উপহারের ডালা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মর্জিনা বেগম, চরতী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হুমায়ুন কবির তালুকদার, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, তরুলতা ধর, আসকর আলী প্রমুখ।
জানা গেছে, মাতৃ ও শিশুমৃত্যু রোধকল্পে নবদম্পতির মধ্যে বিলম্বে গর্ভধারণ, শিশু ও মাতৃমৃত্যু কমানোর উদ্দেশে গত বছর থেকে দেশের ১০টি উপজেলায় উক্ত প্রকল্পটি চালু করা। এরইমধ্যে চট্টগ্রাম বিভাগে শুধু সাতকানিয়া উপজেলায় প্রকল্পটি চালু করেছে পরিবার পরিকল্পনা বিভাগ। এনজিও সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সুখী জীবন কর্মসূচীর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার। এ পর্যন্ত সাতকানিয়ায় শতাধিক নবদম্পত্তিকে এই উপহারের ঢালা প্রদান করা হয়েছে।
সাতকানিয়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠ কর্মীরা জানিয়েছেন, নবদম্পতিদের উপহার দেওয়া গিফট বক্সের ভিতর একটি ঘড়ি, কিছু বিশেষ জিনিস এবং একটি ছোট বই থাকে। বইটিতে কিভাবে সুখী পরিবার গঠন করবে, গর্ভবর্তী মায়ের কিভাবে যত্ন নিবে তা অত্যন্ত সহজ ভাষায় লেখা থাকে। নবদম্পতি একসঙ্গে বইটি পড়ে নতুন জীবন গঠন করার ধারণা পায়।
বাস্তবিক জীবনে নবদম্পতিকে সু-পরামর্শ দেয়ার মতো কেউ থাকেনা। আবার অনেকেই লজ্জার ভয়েও নবদম্পতিকে পরামর্শ দেননা। ফলে বিয়ের পর অপরিকল্পিত জীবন গঠন করতে গিয়ে ভুল করে বসেন নবদম্পতিরা। এক্ষেত্রে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে নবদম্পতিরা বিয়ের আসরেই দাম্পত্য জীবন সম্পর্কে এবং সুখী জীবন গঠনের বাস্তব ধারণা পেয়ে যাচ্ছেন। যা সরকারের একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ বলে মনে করেন সচেতন মহল।
সূত্র : আরটিভি
এম এস, ১৯ মার্চ







