আইন-আদালত

ভ্রূণ হত্যা: হাইকোর্টে এএসপি সাকিবের জামিন আবেদন

ঢাকা, ৫ নভেম্বর- যৌতুকের দাবিতে স্ত্রীকে দফায় দফায় শারীরিক নির্যাতন এবং ভ্রূণ হত্যার অভিযোগে মামলায় কারাগারে থাকা পুলিশের এএসপি নাজমুস সাকিব জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সরোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদন করা হয়।

আদালতে নাজমুস সাকিবের স্ত্রী ইসরাত রহমানের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

এর আগে বিভিন্ন সময়ে শারীরিক নির্যাতন এবং জোর করে গর্ভপাত ঘটানোর অভিযোগে গত ৪ মে রমনা থানায় মামলা দায়ের করেন ইসরাত রহমান। মামলায় সাকিবের বাবা ও মাকেও আসামি করা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, তিন বছর আগে নাজমুস সাকিবের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় মুক্তিযোদ্ধা পরিবারের মেয়ে ইসরাত রহমানের। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে শুরু হয় শারীরিক নির্যাতন। স্বামীর নির্যাতনে কয়েকবার হাসপাতালেও চিকিৎসা নিতে হয় তাকে। ২০১৯ সালের জুলাই মাসে তাকে জোর করে গর্ভপাত করানো হয়।

গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় বরখাস্তকৃত এএসপি নাজমুস সাকিবকে কারাগারে পাঠান আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ৬-এর বিচারক আব্দুল আল মামুন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, এএসপি নাজমুস সাকিব সর্বশেষ খাগড়াছড়ির এপিবিএন স্পেশালাইজড ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করার প্রস্তাব জানিয়ে পুলিশ সদর দফতরের ডিসিপ্লিন ও প্রফেশনাল স্ট্যান্ডার্ড শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর প্রস্তাব পাঠানো হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/৫ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language