বলিউড

৩ মিনিটের অ্যাকশনে নওয়াজউদ্দিন-টাইগারের বাজিমাত (ভিডিও)

মুম্বাই, ১৭ মার্চ – বলিউড অভিনেতা টাইগার শ্রফের পরবর্তী সিনেমা ‘হিরোপান্তি টু’। আহমেদ খান পরিচালিত এ সিনেমায় তারা সুতারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। আর খলচরিত্রে অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মুক্তি পেয়েছে এ সিনেমার ট্রেইলার। ৩ মিনিট ৩৮ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেইলারে বাজিমাত করেছেন টাইগার-নওয়াজ। সিনেমাটিতে টাইগার শ্রফের সিগনেচার স্টাইল অ্যাকশন, ড্যান্স; নওয়াজউদ্দিনের খলনায়কোচিত হাসি আর অভিনয় হৃদয় হরণ করেছে দর্শকের। পাশাপাশি এ আর রহমানের অমোঘ সুর সিনেমাটিকে জমজমাট করে তুলেছে।

ট্রেইলার মুক্তির ৫ ঘণ্টায় এর ভিউ দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ। আর প্রিয় অভিনয়শিল্পীদের পারফরম্যান্স দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন নেটিজেনরা। কৃতি নামে একজন লিখেছেন, ‘ওয়াও! রক।’ টাইগারের প্রেমিকা দিশা পাটানি ট্রেইলারের কমেন্ট বক্সে লিখেছেন, ‘সিনেমাটি দেখার জন্য তর সইছে না।’ রিয়াজ লিখেছেন, ‘ভাই, মজা পেয়েছি।’ তা ছাড়াও শোবিজ অঙ্গনের অনেক তারকা ভালো লাগার কথা প্রকাশ করেছেন ট্রেইলারটি দেখে।

এ সিনেমার কিছু অ্যাকশন ও রোমান্টিক দৃশ্যের শুটিং করতে গত ২৮ ফেব্রুয়ারি ব্যাংককে যান এ সিনেমার টিম। এর আগে আবুধাবিতে তারাকে নিয়ে শুটিং শেষে মুম্বাইয়ে ফিরেন পরিচালক আহমেদ খান।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’ সিনেমার পর ফের একবার বড় পর্দায় জুটি বেঁধে হাজির হতে যাচ্ছেন টাইগার-তারা। ২০১৪ সালে ‘হিরোপন্তি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে টাইগার শ্রফের। ‘হিরোপান্তি-টু’ সিনেমায় প্রধান খলনায়কের ভূমিকায় রয়েছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। চলতি বছরের ২৯ এপ্রিল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এন এইচ, ১৭ মার্চ


Back to top button
🌐 Read in Your Language