ক্রিকেট

ফ্লেচার-তামিমকে ছাড়িয়ে শীর্ষে জ্যাকস

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ব্যাট হাতে দারুণ সময় কাটছে ইংলিশ ব্যাটার উইল জ্যাকসের। আসরের শুরু থেকেই নিয়মিত রান করছেন ডান হাতি এই ব্যাটার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপদের মুহূর্তে জ্বলে উঠতে দেখা গেছে ২৩ বছর বয়সী এই ইংলিশকে।

এলিমিনেটরের ম্যাচটা খেলতে পারেননি পেটের পীড়ায়। ম্যাচ শুরু খানিক আগে অসুস্থ হয়ে পড়ায় ছিটকে যান একাদশ থেকে। আজ দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের একাদশে ফিরেছেন।

ফিরেই পেছনে ফেলেছেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক আন্দ্রে ফ্লেচারকে। গত দশ ম্যাচে জ্যাকসের রান ছিল ৩৯৮। আজ কুমিল্লার বিপক্ষে ৯ বলে ১৬ রান করে সাজঘরে ফিরলেও ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে সুনীল নারিনকে ছক্কা হাঁকিয়ে টপকে যান ফ্লেচারকে। দল চট্টগ্রাম আজ হেরে বিদায় নিলে জ্যাকসের রান থাকবে ৪১৪। ১১ ম্যাচে ৪১.৪০ গড়ে ১৫৫.০৫ স্ট্রাইক রেটে করেছেন এই রান। রয়েছে ৪টি ফিফটি। খেলেছেন ৯২ রানের অপরাজিত একটি ইনিংসও।

দুইয়ে থাকা ফ্লেচারের দল খুলনা টাইগার্স এলিমিনেটরে বিদায় নিলেও ১১ ম্যাচে এই ক্যারিবীয় ব্যাটার করেন ৪১০ রান। ১৩৮.৯৮ স্ট্রাইক রেটে ৫৮.৫৭ গড়ে করেন চার শতাধিক রান। ছিল ১টি শতক ও ৩টি ফিফটির ইনিংস।

এই তালিকায় তামিম ইকবাল রয়েছেন তৃতীয়তে। মিনিস্টার ঢাকার হয়ে খেলা তামিম ১১ ম্যাচে ৫৮.১৪ গড়ে ১৩২.৫৭ স্ট্রাইক রেটে ১টি শতক (১১১*) ও ৪ ফিফটিতে করেন ৪০৭ রান।

সূত্র : আরটিভি
এম এস, ১৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language