মিরাজ-আকবরের ব্যাটে ১৪৯ রানের লক্ষ্য দিলো চট্টগ্রাম

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – বাঁচা-মরার ম্যাচ খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় কোয়ালিফায়ারের এই ম্যাচটিতে জয় পাওয়া দল পৌঁছে যাবে ফাইনালে, পরাজিত দলের শেষ হবে টুর্নামেন্ট।
দু’দলের কঠিন সমীকরণের ম্যাচে বুধবার সন্ধ্যায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে প্রথম বলেই ফাইন লেগ অঞ্চল দিয়ে চার মারেন এক ম্যাচ পর ফেরা উইল জ্যাকস। যদিও টিকতে পারেননি বেশিক্ষণ।
দলীয় ৩১ রানের মাথায় চতুর্থ ওভারের চতুর্থ বলে শহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উইল জ্যাকস (১৬)। তিন নম্বরে ব্যাট করতে নামা চ্যাডউইক ওয়ালটন এদিন হতাশ করেছেন চট্টগ্রামকে। মাত্র ২ রান করে এলবিডব্লু হয়ে সাজঘরে ফেরেন তানভির ইসলামের বলে।
ওপেনার জাকির হোসেন ১৯ বলে ২০ রান করে ফেরেন মঈন আলীর বলে ক্যাচ দিয়ে। একই ওভারে শামিম হোসেনকে ০ রানে ফেরান মঈন। দলীয় ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়া দলকে আরও বিপদে ফেলেন অধিনায়ক আফিফ হোসেন ১০ রান করে মঈনের বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে।
৫ উইকেট হারানোর পর লম্বা জুটি গড়েন মেহেদী মিরাজ ও আকবর আলী। দুজনের জুটি ভাঙে ৬১ রান তুলে আকবরের বিদায়ে। ২০ বলে ২ চার ও ২ ছয়ে ৩৩ রান তুলে কট এন্ড বোল্ড হন আবু হায়দারের বলে।
মিরাজ একপ্রান্ত আগলে খেলে যান ১৮.২ ওভার পর্যন্ত। শেষ পর্যন্ত ৩৮ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৪ রান করে বিদায় নেন শহিদুলের বলে ক্যাচ দিয়ে। তার আগে বেনি হাওয়েল রান আউট হয়ে সাজঘরে ফেরেন ৩ রানে।
১৯তম ওভারে শহিদুলের ওভারে টানা দুই ছক্কা মারেন মৃত্যুঞ্জয় চৌধুরী। তাতেই অনেকখানি এগিয়ে যায় চট্টগ্রাম। তবে তৃতীয় ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতেই ক্যাচ দেন আবু হায়দার রনির হাতে। শেষ ওভারের প্রথম বলে নাসুম আহমেদ এলবিডব্লু হয়ে ফেরেন মোস্তাফিজের বলে। ১০ উইকেটে চট্টগ্রামের সংগ্রহ ১৪৮ রান।
কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন শহিদুল ইসলাম ও মঈন আলী। ১ উইকেট করে নেন মোস্তাফিজুর রহমান, আবু হায়দার ও তানভির ইসলাম।
সূত্র : আরটিভি
এম এস, ১৬ ফেব্রুয়ারি









