আফগানিস্তান সিরিজে টাইগারদের ফিল্ডিং কোচ রাজিন সালেহ

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি – আসন্ন আফগানিস্তান সিরিজের জন্য বাংলাদেশ জাতীয় দলের অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রিকেটার রাজিন সালেহকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার সন্ধ্যায় রাজিন সালেহ নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাজিন বলেন, ‘আমাকে সপ্তাহখানেক আগেই বলা হয়েছিল। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ এবং দক্ষিণ আফ্রিকা সফরে জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করার জন্য। পরে দিন তিনেক আগে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ভাই আমাকে ফিল্ডিং কোচের দায়িত্ব পালনের কথা বলেন।’
গতকাল সোমবার আফগানদের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। স্কোয়াডের খেলোয়াড়রা বিপিএল শেষে ১৯ বা ২০ ফেব্রুয়ারি অনুশীলন করবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘আমরা আফগানিস্তানের সাথে সিরিজ আর দক্ষিণ আফ্রিকা সফরে রাজিনকে ফিল্ডিং কোচ হিসেবে নিতে চেয়েছিলাম; কিন্তু রাজিন তার চাকুরির কমিটমেন্টের কারণে দক্ষিন আফ্রিকা যেতে পারবে না। তাই শুধু আফগানিস্তানের সাথে হোম সিরিজে রাজিন ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবে।’
রাজিন জানান, ‘আমরা ১৯ ফেব্রুয়ারি কোভিড টেস্ট দেব। আর ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম অনুশীলন।’
২০১৮ সালে ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব নেন দক্ষিণ আফ্রিকার রায়ান কুক। কিন্ত ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খারাপ পারফর্মেন্সের কারণে তার চুক্তির মেয়াদ বাড়ায়নি বিসিবি। তার পরিবর্তেই গেল পাকিস্তানের সিরিজে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করেছিলেন মিজানুর রহমান বাবুল।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৬ ফেব্রুয়ারি









