যে ভুলে বড় স্কোর গড়তে পারেনি বরিশাল

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – জিতলেই ফাইনাল নিশ্চিত। এমন সমীকরণ সামনে রেখেই বিপিএলের অষ্টম আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় বরিশাল-কুমিল্লা।
মিরপুরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ক্রিস গেইলের সঙ্গে রীতিমতো তাণ্ডব শুরু করেন তরুণ ওপেনার মুনিম শাহরিয়ার। ৯ ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল গেইলের উইকেট হারিয়ে ৮৪ রান। খেলার এমন অবস্থায় অনুমেয় ছিল স্কোর দুইশ পার করতে পারে বরিশাল।
কিন্তু এরপর কিছু ভুলের কারণে শেষ ১১ ওভারে ৫৯ রান করতেই ৭ উইকেট হারায় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন দলটি।
ইনিংসের শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালিয়ে ফিফটির দোরগোড়ায় ছিলেন ওপেনার মুনিম শাহরিয়ার। তাকে এলবিডব্লিউর রিভিউ নিতে সঠিক সিদ্ধান্ত দিতে পারেননি নন-স্ট্রাইকে থাকা নাজমুল হোসেন শান্ত। আম্পায়ারের ভুল কলে ৩০ বলে ৪৪ রান করে ফেরেন মুনিম।
এরপর অধিনায়ক সাকিব আল হাসান রানের জন্য নন-স্ট্রাইকে চলে গেলেও উইকেট বাঁচাতে দাঁড়িয়ে থাকেন শান্ত। নিশ্চিত রানআউট জেনেও শান্তর উচিত ছিল নিজের উইকেট বিলিয়ে দিয়ে অধিনায়ক সাকিবকে সেভ করার কিন্তু শান্ত তা করেননি।
এ যাত্রায় শান্ত নিজের উইকেট বাঁচালেও ঠিক পরের ওভারেই মঈন আলীর করা লেগ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। এরপর ডুয়ান ব্রাভো, জিয়াউর রহমান ও নুরুল হাসান সোহানরা দায়িত্বশীল ব্যাটিং করতে না পরায় একের পর এক উইকেট হারিয়ে ১৪৩ রানে ইনিংস গুটায় বরিশাল।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল: ২০ ওভারে ১৪৩/৮ রান (মুনিম ৪৪, গেইল ২২, জিয়াউর রহমান ১৭, ব্রাভো ১৭, সোহান ১১; শহিদুল ৩/২৫, মঈন আলী ২/২৩)।
সূত্র : যুগান্তর
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি









