ব্রড-অ্যান্ডারসন বাদেই উইন্ডিজ সফরে ইংল্যান্ড

লন্ডন, ০৯ ফেব্রুয়ারি – অ্যাশেজ ব্যর্থতার পর এবার দলে আমূল পরিবর্তন এনেই সামনে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ইংল্যান্ড। পরিবর্তনের সেই ধাক্কাটা গেলো এবার ইংল্যান্ডের হয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ দুই উইকেট শিকারির ওপর দিয়েও।
ইংল্যান্ডের টেস্ট ইতিহাসের সর্বোচ দুই উইকেটশিকারি, নাম দুটো অনুমান করতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় কারোরই। হ্যা, বলা হচ্ছে স্টুয়ার্ট ব্রড আর জেমস অ্যান্ডারসনের কথা। এই দুজনসহ অ্যাশেজ সিরিজের দলে থাকা ৮ ক্রিকেটারকে বাদ দিয়েই আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন টেস্টের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই দুই অভিজ্ঞ পেসার ছাড়াও ইংল্যান্ড দলে জায়গা হারিয়েছেন ররি বার্নস, স্যাম বিলিংস, জস বাটলার, ডেভিড মালান, হাসিব হামিদ ও ডম বেস। তবে অ্যাশেজ ব্যর্থত্রা পরও উইন্ডিজ সফরে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব পালন করবেন জো রুটই।
জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ১৬৯ টেস্টে ৬৪০ উইকেট নিয়ে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক ৩৯ বছর বয়সী অ্যান্ডারসন। তারপরেই আছেন ব্রড। ১৫২ টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন ৩৫ বছর বয়সী ব্রড। অ্যাশেজে ভরাডুবি হওয়া দলে ছিলেন এই দুই অভিজ্ঞ পেসারই। সেই ব্যর্থতার দায়েই এবার টেস্ট দল থেকে বাদ দেয়া হলো এই দুই কিংবদন্তি পেসারকে।
আগামী ৮ মার্চ শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজের জন্য ইসিবির ম্যানেজিং ডিরেক্টর স্যার অ্যান্ড্রু স্ট্রাউস, অন্তর্বর্তী কোচ পল কলিংউড ও প্রধান স্কাউট জেমস টেলরের ঘোষিত ১৬ সসদস্যের দলে নতুন মুখ অ্যালেক্স লিস, ম্যাথু ফিশার, সাকিব মেহমুদ ও ম্যাথু পারকিনসন। ইংল্যান্ড স্কোয়াড: জো রুট (অধিনায়ক), জনি বেয়ারস্টো, জ্যাক ক্রলি, জ্যাক লিচ, বেন স্টোকস, বেন ফোকস, ড্যান লরেন্স, ওলি পোপ, ওলি রবিনসন, মার্ক উড, ক্রেইগ ওভারটন, ক্রিস ওকস, অ্যালেক্স লিস, সাকিব মেহমুদ, ম্যাথু ফিশার ও ম্যাথু পারকিনসন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ ফেব্রুয়ারি









