ক্রিকেট

বিপিএল শেষের আগেই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

চট্টগ্রাম, ০২ ফেব্রুয়ারি – বিপিএলের চট্টগ্রাম পর্ব পর্যবেক্ষণে এসেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। পুরো টুর্নামেন্ট শেষে পারফর্ম্যান্স বিশ্লেষণ করবেন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক। তবে তিনি জানিয়েছেন, বিপিএল শেষের আগেই দেওয়া হবে আফগানিস্তান সিরিজের দল। ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান।

বন্দরনগরীতে বিপিএলের শেষ দিন মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়গুলো নিশ্চিত করেন নান্নু।

এই সফরে আফগানিস্তান তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। চট্টগ্রামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা আছে ২২ ফেব্রুয়ারি থেকে। আর মার্চের শুরুতে টি-টোয়েন্টি সিরিজের কথা রয়েছে। সফর চূড়ান্ত হলেও এখনো সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি।

১৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে বিপিএল। তার আগেই দল ঘোষণার কথা জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘১৫ থেকে ১৭ তারিখের মধ্যে আমরা স্কোয়াড দিয়ে দেব। টিম ম্যানেজম্যান্টের সঙ্গে একটু আলোচনা আছে। সবকিছু মিলে পুরোপুরি রাউন্ড যখন শেষ হবে, সেমি ফাইনালের আগে, এলিমেনেটর রাউন্ডের আগেই বসে করণীয়টা ঠিক করা হবে।’

এখন পর্যন্ত হওয়া বিপিএলের ১৫ ম্যাচে তরুণ ক্রিকেটাররা খুব একটা আলো ছড়াতে পারছেন না। মোহাম্মদ নাঈম শেখ-শামীম পাটোয়ারির মতো ক্রিকেটাররা রাব খরায় আছেন। এতে হতাশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক। তার আশা বাকি ম্যাচগুলোতে তারা নিজেদের মেলে ধরবেন।

তিনি বলেন, ‘হাফ অফ টুর্নামেন্টে আপ টু দ্যা মার্ক না। আশা করছি পরবর্তী রাউন্ডগুলোতে নিজেদের মেলে ধরতে পারবে। আমরা আত্মবিশ্বাসী আছি।’

বিপিএলের পারফর্ম্যান্সও বিবেচনায় আনা হবে দল ঘোষণার সময়। ওয়ানডেতে অপরিবর্তিত থাকলেও টি-টোয়েন্টিতে আসতে পারে পরিবর্তন। এমন আভাসই দিয়েছেন নান্নু।

এখন পর্যন্ত হওয়া বিপিএলের ম্যাচগুলোতে ক্রিকেটারদের পারফর্ম্যান্স নিয়ে পর্যবেক্ষণ দিয়েছেন। তার মতে ঢাকা ও চট্টগ্রাম পর্বে দুই ধরনের পারফর্ম্যান্স দেখা গেছে। ঢাকায় বোলাররা ও চট্টগ্রামে ব্যাটসম্যানরা রান পেয়েছেন জানিয়ে পারফর্ম্যান্সে ভারসাম্য আছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, ‘যেহেতু টুর্নামেন্ট শুরু হয়েছে, একটা টিমের কম্বিনেশন তৈরি করতে সময় লাগে। গিয়েই চার-ছয় মারা রান করা কঠিন। জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের কন্ডিশনে অনেক ডিউ থাকে। বোলারদের ফেভারে থাকে সব সময়। বোলাররা অনেক ভালো পারফর্ম্যান্স করেছে। এটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সুতরাং ওভারঅল এই পর্বে (চট্টগ্রাম) ব্যাটসম্যানরা অনেক ভালো করেছে, ওই পর্বে বোলাররা ভালো করেছে। অর্ধেক টুর্নামেন্টে ব্যাটসম্যান-বোলারের পারফর্ম্যান্সে স্ট্যাবল আছে।’

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language