উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে কয়েক শ ঘর

কক্সবাজার, ০৯ জানুয়ারি – কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। রোববার বিকেল ৫টার দিকে পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, ‘ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এখনও আগুন নেভানো সম্ভব হয়নি।’
এ বিষয়ে ৮-এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, ‘পুলিশসহ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। এছাড়া টেকনাফের ফায়ার সার্ভিস স্টেশনকেও খবর দেয়া হয়েছে। প্রথমিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে চলতি বছরে ২ জানুয়ারি উখিয়া বালুখালী ২০ নম্বর ক্যাম্পের জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালের জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া গত বছরের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে আগুনে পুড়ে মারা যায় ১৫ জন রোহিঙ্গা। তখন ১০ হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়েছিল।
সূত্র: সমকাল
এম ইউ/০৯ জানুয়ারি ২০২২









