দক্ষিণ এশিয়া

তার বাসায় মিললো নগদ ২৮৪ কোটি টাকা

লক্ষ্ণৌ, ২৮ ডিসেম্বর – মোট ২৮৪ কোটি নগদ টাকা। দুবাইয়ে দুটি বিলাসবহুল বাড়ি। এছাড়াও মুম্বাই, কানপুর দিল্লিসহ ভারতে নানা জায়গায় সম্পত্তি রয়েছে তার। ১২০ ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর কর ফাঁকি দেওয়ার অভিযোগে সোমবার (২৭ ডিসেম্বর) গ্রেপ্তার করা হয় ভারতের কানপুরের সেই ব্যবসায়ী পীযূষ জৈনকে। ওই দিনই তাকে আদালতে তোলা হয়।

দেশটির কেন্দ্রীয় আয়কর দপ্তর জানায়, কোনও একজন ব্যক্তির কাছ থেকে ইতিহাসে সবচেয়ে বেশি নগদ উদ্ধার করল আয়কর দপ্তর। এর মধ্যে পীযূষকে নিয়ে রাজনৈতিক নানা আলোচনা শুরু হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অভিযোগ, পীযূষ সমাজবাদী পার্টির ঘনিষ্ঠ। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অবশ্য পাল্টা অভিযোগ করে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী যোগীর সময় সব ধরনের দুর্নীতি বেড়ে গেছে।

এদিকে, কংগ্রেসও নাম না করে মোদিকে দুষেছে। টুইটে লিখেছে, ‘উনি বলেছিলেন ৫০ দিন দাও। ৫ বছর কেটে গেছে। নোটবন্দি আসলে ছিল বিপর্জয়।’

আয়কর দপ্তর সূত্রে খবর, নগদ ২৮৪ কোটি টাকা ছাড়াও পাওয়া গেছে দেশে-বিদেশে বহু সম্পত্তির। যার মধ্যে কানপুর এবং কনৌজ মিলিয়ে পীযূষের সাতটি সম্পত্তি রয়েছে। মুম্ব্ইয়ে দুটি বাড়ি, দিল্লিতে একটি এবং দুবাইয়ে দুটি সম্পত্তি রয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে মিলেছে ৫০ কিলো সোনা এবং ৬০০ কিলো চন্দন কাঠ।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language