একাধিক বিয়ে নিয়ে কলহ, স্বামীর অঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী
![]()
খাগড়াছড়ি, ২৭ ডিসেম্বর – খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকার মো. দেলোয়ার হোসেনের গোপানাঙ্গ কেটে দিয়েছেন তার দ্বিতীয় স্ত্রী। রবিবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেন ও তার এই স্ত্রীর দাম্পত্য জীবনে পাঁচ সন্তান রয়েছে। স্বামী একাধিক বিয়ে করায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গে প্রায়ই ঝগড়া হত। এর মধ্যেই দেলোয়ার হোসেন আরো একটি বিয়ে করেন বলে খবর পান স্ত্রী। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। রবিবার রাতে দ্বিতীয় স্ত্রী ঘুমন্ত অবস্থায় ধারালো ব্লেড দিয়ে দেলোয়ার হোসেনের গোপনাঙ্গ কেটে দেন।
এ সময় দেলোয়ারের চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। আহত অবস্থায় তাকে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফ হোসেন জানান, পারিবারিক কলহে এ ঘটনা হয়েছে।
মানিকছড়ি থানার এসআই আক্কাস আলী জানান, অভিযুক্ত স্ত্রীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
সূত্র: কালের কণ্ঠ
এম ইউ/২৭ ডিসেম্বর ২০২১







