ক্রিকেট

সতীর্থদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে সাকিবের তাগিদ

ঢাকা, ২৩ ডিসেম্বর – জাতীয় দল যখন নিউ জিল্যান্ডে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে, তখন সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে ছুটলেন পরিবারের কাছে। জরুরি পারিবারিক প্রয়োজনে নিউ জিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছেন।

এবার নিয়ে টানা তৃতীয়বার নিউ জিল্যান্ড সফরে নেই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। অথচ নিউ জিল্যান্ডে সাকিবের রেকর্ড বেশ ঈর্ষণীয়। ৪ টেস্টে ৫১৭ রান করেছেন ৭৩.৮৫ গড়ে, যেখানে সাকিবের টেস্ট গড় ৩৯.৫০। ক্যারিয়ারের ৫ সেঞ্চুরির দুটি নিউ জিল্যান্ডের মাটিতে। ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংসটি খেলেছিলেন কিউইদের ঘরে।

দেশের বাইরে নিউ জিল্যান্ডই তার পয়মন্ত জায়গা যেখানে সাকিবের ব্যাট চওড়া হাসি হেসেছে। বিরুদ্ধ কন্ডিশনে রান কিভাবে করতে হবে সেটা ভালোভাবেই জানেন। এজন্য সতীর্থদের নিজেদের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যাওয়ার প্রেরণা দিলেন সাকিব।

বুধবার সন্ধ্যায় বিমানবন্দরে সাকিব বলেছেন, ‘ওখানে ব্যাটিংটা আসলে খুবই ভালো করা যায়। শেষ সিরিজে (টেস্ট সফর) অনেকেই একশ করেছে। তামিম, রিয়াদ ভাই, সৌম্য সবাই একশ করেছিল। ওখানে আসলে রান করা যায়। ওই বিশ্বাসটা যেন সবাই রাখে। তাহলেই হবে।’

নিউ জিল্যান্ডে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল ২০১৯ সালে। সেই সফরে সৌম্য সরকার ১৪৯ রান করেছিলেন। এছাড়া মাহমুদউল্লাহ ১৪৬, তামিম ১২৬ রান করেছিলেন। এবারের সফরে তারা কেউই নেই। নেই সাকিবও। দলে সিনিয়র বলতে আছেন মুশফিকুর রহিম। সাকিব যে ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক সেই ম্যাচে দেড়শ রানও করেছেন। আছেন মুমিনুল হকও। তবে দেশের বাইরে তার ব্যাটিং গড় বিবর্ণ।

সব মিলিয়ে অনভিজ্ঞ দল নিয়ে বাংলাদেশ গেছে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে। নিজেদের ওপর বিশ্বাস রেখে দলকে ভালো কিছু দিতে পারবেন তো তারা?

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language