ক্রিকেট

মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত টাইগাররা

ওয়েলিংটন, ২১ ডিসেম্বর – বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচ টেস্ট খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই মুমিনুলদের মাথার উপর থেকে শঙ্কার মেঘ কেটেছে।

মঙ্গলবার নিউজিল্যান্ডে প্রথমবারের মতো মাঠে অনুশীলন করছে টাইগাররা। কোয়ারেন্টাইন জটিলতার কারণে এতদিন মাঠে নামতে পারেনি বাংলাদেশ। দীর্ঘ ১১ দিনের কোয়ারেন্টাইন শেষ করে মঙ্গলবার মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত ক্রিকেটাররা।

বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় বাংলাদেশের হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেন, বাইরে বের হতে পেরে খুব ভালো লাগছে। রুমে আটকে থাকার দিনগুলো ছেলেদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। ঝকঝকে রোদ, নীল আকাশে বের হতে পেরে ছেলেরা অনেক খুশি। আগামী দুইদিন একাগ্রচিত্তে অনুশীলন করতে হবে। তাউরাঙ্গা গিয়ে আমরা ৬ দিন সময় পাব। আশা করছি সবাই যথেষ্ট প্রস্তুত হয়ে নিতে পারবে।

দীর্ঘদিন পর অনুশীলনে নেমে শুরুতেই ফুটবল খেলে গা গরম করে নেন মুমিনুল বাহিনী। এরপর ব্যাটিং অনুশীলনে গভীর মনোযোগ দেন মিস্টার ডিপেন্ডেবলখ্যাত মুশফিকুর রহিম। তাছাড়া বোলিং করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন স্পিড স্টার তাসকিন আহমেদ এবং স্পিনার তাইজুল ইসলামরা। কোচরাও দীর্ঘদিন পর অনুশীলনে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language