ঢালিউড

সৌজন্য সাক্ষাত করতে ডিবি অফিসে গিয়েছিলেন চিত্রনায়ক ইমন

ঢাকা, ০৭ ডিসেম্বর – পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গতকাল সোমবার রাতে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গিয়েছিলেন চিত্রনায়ক মামনুন ইমন। সেখানে তার ছবির ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ আজ সকালে বলেন, অভিনেতা ইমন রাতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি তার ছবি ব্যাপারে কথা বলতে এসেছিলেন। চা খেয়ে চলে গেছেন।’

সাম্প্রতিক ঘটনায় নিজের নিরাপত্তার শঙ্কার কথা জানিয়েছেন কি না- এ ব্যাপারে জানতে চাইলে হারুন অর রশিদ বলেন, ‘সার্বিক বিষয় নিয়েই কথা হয়েছে।’

এদিকে ইমন বলেন, ‘হারুন ভাই আমার পূর্বপরিচিত। তার সঙ্গে এর আগে নানা বিষয়ে কথা হয়েছে। গতকাল যখন মন্ত্রীর সঙ্গে কল রেকর্ড ফাঁস হয়, সারাদিন এ নিয়েও আমাকে কথা বলতে হয়। আমি নিজের অবস্থান সবাইকে পরিষ্কারভাবে জানিয়েছি। তারপরও অনেক সহকর্মীরা আমাকে ভুল বোঝেন। কেউ কেউ আবার আমাকে ইঙ্গিত করে ফেসবুকে পোস্টও দেন। এসব আমাকে খুবই বিব্রত করেছে, কষ্ট দিয়েছে। বিপর্যস্ত আমি, তাই হারুন ভাইয়ের সঙ্গে কথা বলে রাতেই তার অফিসে দেখা করতে যাই। আমার অবস্থান তার কাছে পরিষ্কার করি।’

ইমন আরও বলেন, ‘এসব বিষয়ে আমার কী করণীয়, সে ব্যাপারে পরামর্শ নিতে ডিবি কার্যালয়ে যাই। তিনিও আমাকে সে পরামর্শ দিয়েছেন। এরপর চা খেয়ে আমি চলে আসি।’

উল্লেখ্য, রোববার রাতে ফেসবুকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহি একটি কথোপকথন ফাঁস হয়। যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন এবং তার সঙ্গে দেখা করার জন্য বলেন। ফোনে চিত্রনায়ক ইমনকে তিনি বলেন, ‘ঘাড় ধরে যেন মাহিকে তার কাছে নিয়ে যান।’ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে।

এন এইচ, ০৭ ডিসেম্বর

Back to top button
🌐 Read in Your Language