ঢালিউড

পূর্ণিমার ছবিতে ওমর সানী মন্তব্য করায় মৌসুমীকে ডাক

ঢাকা, ১৫ নভেম্বর – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে অনেক নায়িকা তাদের শারীরিক ফিটনেস হারিয়ে ফেলেন। কিন্তু পূর্ণিমা সময়ের সঙ্গে সঙ্গে যেন আরও লাস্যময়ী হয়ে উঠছেন। বয়স বাড়লেও তিনি যেন সেই আগের পূর্ণিমাই রয়ে যাচ্ছেন।

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় এই অভিনেত্রী। ফেসবুকে প্রায়ই তাকে বিভিন্ন ছবি, ভিডিও ও রোমান্টিক স্ট্যাটাস দিতে দেখা যায়। তার এসব পোস্টে অনুরাগীরাও বেশ চমকে ওঠেন।

সোমবার (১৫ নভেম্বর) পূর্ণিমা ফেসবুকে তার ভেরিফায়েড পেজে তিনটি ছবি পোস্ট করেছেন। সাদা রঙের কুর্তি পরা ছবিগুলোয় তাকে খোলা চুলে দেখা যাচ্ছে। কিছু চুল বুকের বাম পাশে নামিয়ে দেওয়া। আর অভিনেত্রীর মিষ্টি ও আনমনা হাসির ছবিগুলোর ঝলকে অসাধারণ সুন্দরী লাগছে তাকে।

ক্যাপশনে লিখেছেন, ‘আমি তোর ছায়া হব। কিছুটা বেহায়া হব। চেয়ে নেব চেনা আবদার…।’

রোমান্টিক এই ছবি ও ক্যাপশন দেখে কমেন্ট করা থেকে নিজেকে সামলাতে পারেননি চিত্রনায়ক ওমর সানী। পূর্ণিমার প্রশংসা করে তিনি লিখেছেন ‘ওয়াও’। মুহূর্তের মধ্যেই এই লেখার বিপরীতে সেখানে পাল্টা মন্তব্য করা শুরু করে দেন নেটিজেনরা। কয়েকজন নেটিজেন সেখানে মৌসুমীকে উদ্দেশ্য করে লেখেন, মৌসুমী আপা আসুন। মৌসুমী আপু দেখেন ওমর সানী ভাই কী লিখেছেন। যদিও পুরো বিষয়টি সবাই মজার চলেই লিখেছেন।

প্রসঙ্গত, এখন আগের মতো সিনেমায় নিয়মিত দেখা যায় না পূর্ণিমাকে। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা করেও বেশ প্রশংসিত হচ্ছেন তিনি। এর আগে অবশ্য তার উপস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওমর সানী। ২০১৮ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে অভিনেতা মিশা সওদাগরকে ধর্ষণের দৃশ্য নিয়ে প্রশ্ন করেন সঞ্চালক পূর্ণিমা। এরপর সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।

অবশ্য চলতি বছর ঈদ উপলক্ষে একটি টেলিভিশনের সেলিব্রিটি শো ‘পূর্ণিমার আলো’তে অতিথি ছিলেন ওমর সানী। সঙ্গে ছিলেন তার স্ত্রী ও চিত্রনায়িকা মৌসুমী। এতে তাদের জমিয়ে আড্ডা দিতে দেখেন দর্শকরা।

এন এইচ, ১৫ নভেম্বর

Back to top button
🌐 Read in Your Language