বলিউড

রেকর্ড গড়েছে পবন কল্যাণের গান (ভিডিও)

হায়দ্রাবাদ, ১১ নভেম্বর – পবন কল্যাণ অভিনীত পরবর্তী সিনেমা ‘ভীমলা নায়ক’। গত ৭ নভেম্বর ইউটিউবে মুক্তি পায় সাগর কে চন্দ্র পরিচালিত এ সিনেমার ‘লালা ভীমলা’ গানটি। লিরিক্যাল এ ভিডিওটি মুক্তির পর নতুন রেকর্ড গড়েছে।

তেলেগু বুলেটিন ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে পবন কল্যাণের ‘লালা ভীমলা’ গানটি দেখা হয় ১ কোটি ৪ লাখ বারের বেশি। যা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে সর্বকালের সেরা। অন্যদিকে একই সময়ে এ গানে লাইক রিঅ্যাক্ট পড়ে ৬ লাখ ৫৮ হাজার। সবমিলিয়ে গানটি দারুণ সাড়া ফেলেছে।

মালায়ালাম ভাষার ব্লকবাস্টার ‘আয়াপানুম কোশিয়ুম’ সিনেমার রিমেক ‘ভীমলা নায়ক’। এর চিত্রনাট্য রচনা করেছেন ত্রিবিক্রম শ্রীনিবাস। পবন কল্যাণ ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন—রানা দাগ্গুবতী, নিথিয়া মেনন, মুরালি শর্মা, রঘু বাবু প্রমুখ। সিতারা এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে ‘ভীমলা নায়ক’। আগামী বছরের ১২ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

পবন কল‌্যাণ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাকীল সাব’। দীর্ঘ দুই বছর পর এ সিনেমার মাধ‌্যমে পর্দায় হাজির হন তিনি। মুক্তির পর দারুণ সাড়া ফেলে এটি।

পরিচালক হরিষ শংকরের ‘পিএসপিকে২৮’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন পবন। সিনেমাটির ফার্স্ট লুক পোস্টারও প্রকাশ পেয়েছে। শোনা যাচ্ছে, এ সিনেমায় পবনের বিপরীতে অভিনয় করবেন সামান্থা আক্কিনেনি। তা ছাড়াও তার হাতে রয়েছে ‘হরি হারা বীরা মালু’ সিনেমার কাজ। কৃষ পরিচালিত এ সিনেমায় তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন ২৮ বছর বয়েসী অভিনেত্রী নিধি আগরওয়াল।

এম এস, ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language