ক্রিকেট

আইপিএলে আজ মোস্তাফিজ-সাকিব দ্বৈরথ

আবুধাবি, ০৭ অক্টোবর – আইপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হচ্ছে রাজস্থান রয়্যালস। এই ম্যাচ নিয়ে বাংলাদেশী সমর্থকদের মধ্যে বিরাজ করছে বাড়তি আকর্ষণ। কারণ আজকের দুই দলেই আছেন বাংলাদেশের সেরা দুই তারকা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

তবে কলকাতার একাদশে সাকিব এখনো অনিশ্চিত। কারণ, ইতোমধ্যে চোট থেকে ফিট হয়েছেন নাইটদের ক্যারিবিয় অলরাউন্ডার আন্দ্রে রাসেল। সেক্ষেত্রে মোস্তাফিজদের বিপক্ষে আজ একাদশে নাও থাকতে পারেন সাকিব। অন্যদিকে মোস্তাফিজ দলের ১৩ ম্যাচের সবগুলোতে খেলেছেন। কিন্তু গত দুটি ম্যাচে বল হাতে জ্বলে উঠতে পারেননি কাটার মাস্টার।

এর আগের দেখায় ৬ উইকেটে জিতেছিল রাজস্থান, যে ম্যাচে সাকিব না খেললেও মোস্তাফিজ ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ১ উইকেট।

আজ কলকাতার জন্য প্লেঅফ নিশ্চিতের ম্যাচ। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চারে কেকেআর। সমান ম্যাচে সমান পয়েন্ট মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে, রান রেটে কলকাতা বেশ এগিয়ে থাকায়, জয় পেলেই নির্ভার হওয়ার সুযোগ থাকছে।

অন্যদিকে সেরা চারে থাকতে হলে রাজস্থানের তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচে। সাকিবদের বিপক্ষে ম্যাচ তো জিততেই হবে।

সূত্র : সমকাল
এন এইচ, ০৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language