মাধ্যমিকের ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ

ঢাকা, ০৫ অক্টোবর – মাধ্যমিকের (ষষ্ঠ থেকে নবম শ্রেণি) ১৯তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মঙ্গলবার অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয় মাউশির ওয়েবসাইটে ।
এতে বলা হয়, সব শিক্ষার্থীকে অ্যাসাইনমেন্ট বিতরণ ও জমা নেয়ার ক্ষেত্রে স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধি-নিষেধ যথাযথভাবে অনুসরণ করতে হবে।
গত ২০ মার্চ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এর আগে ১৮তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছে। নিয়মিত ক্লাসের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মধ্যে রাখাই অ্যাসাইনমেন্টের উদ্দেশ্য। এর ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়নও করা হবে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়। দেড় বছর পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৫ অক্টোবর ২০২১









