ক্রিকেট

শ্রীলঙ্কা দলে ফিরলেন কুশল পেরেরা

কলম্বো, ৩১ আগস্ট – শ্রীলঙ্কা দল থেকে জানানো হয়েছিল, বাংলাদেশ সফর থেকে শুরু হচ্ছে তাদের ২০২৩ বিশ্বকাপের মিশন। যে অভিযানে তাদের নেতা কুশল পেরেরা। কিন্তু নেতৃত্বের চাপ এই উইকেটকিপার ব্যাটসম্যানকে এমনভাবে চেপে ধরলো যে ওয়ানডে তো বটেই টি-টোয়েন্টিতেও খেই হারালেন! ইংল্যান্ড সফরে গিয়েও একই অবস্থা। এরপর ভারত সিরিজে খেলা হলো না চোটের কারণে। দুর্ভাগ্য এতটাই আষ্টেপৃষ্টে ধরেছিল যে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকা সিরিজও যাচ্ছিল তার। তবে দল ঘোষণায় টিকে গেছেন পেরেরা। যদিও প্রোটিয়াদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ফিরেছেন শুধুমাত্র খেলোয়াড় হিসেবে।

শ্রীলঙ্কার সাদা বলের নেতৃত্ব থাকছে দাসুন শানাকার হাতেই। তাকে অধিনায়ক করে ঘোষিত দলে ফিরেছেন অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও পেসার নুয়ান প্রদীপ। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচের জন্য লঙ্কান ক্রিকেট বোর্ড যোগ করেছে তিন নতুন মুখ- লাহিরু মধুশানকা, মহেশ থিকশানা ও পাউলিনা থারাঙ্গাকে।

বাংলাদেশ সফরে নেতৃত্ব ঠিকঠাক দিতে পারেননি। ব্যক্তিগত পারফরম্যান্সের সঙ্গে অধিনায়কত্বের জায়গাতেও ব্যর্থ ছিলেন ইংল্যান্ড সফরে। ‘নতুন’ শুরুর শুরুতেই আসলে ধাক্কা খেয়েছেন পেরেরা। তাই তার ওপর আর আস্থা রাখেনি শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট। তাছাড়া ভারতের বিপক্ষে দায়িত্ব পেয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন শানাকা। সে কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও এই অলরাউন্ডারের কাঁধে নেতৃত্ব।

এদিকে বেশ কয়েকটি সিরিজে উপেক্ষিত থাকার পর সুযোগ মিলেছে চন্ডিমালের। গত মার্চ-এপ্রিলের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকে তিনি জাতীয় দলের বাইরে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা দলের শেষ সিরিজ। ২ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। ১৪ সেপ্টেম্বর টি-টোয়েন্টি দিয়ে শেষ হওয়া সিরিজের সব ম্যাচ কলম্বোর আর প্রেমাদেসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার সীমিত ওভারের স্কোয়াড:

দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল, অভিষ্কা ফার্নান্ডো, ভানুকা রাজাপাকশে, পাথুম নিসানকা, চারিথ আসালঙ্কা, ভানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিস, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, নুয়ান প্রদীপ, বিনুরা ফার্নান্ডো, দুষ্মন্থ চামিরা, আকিলা ধনাঞ্জয়া, প্রবীণ জয়াবিক্রমা, লাহিরু কুমারা, লাহিরু মধুশানকা, পাউলিনা থারাঙ্গা, মহেশ থিকশানা।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩১ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language