আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ২ সেনা নিহত

ইসলামাবাদ, ৩০ আগস্ট – কাবুলে তালেবান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর প্রথমবারের মতো আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে। রবিবার পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বাজাউর জেলার সীমান্তে আফগানিস্তানের অভ্যন্তর থেকে ছোড়া গুলিতে পাকিস্তানের দুই সেনা নিহত হয়েছে। সেনাবাহিনীর পাল্টা হামলায় দুই-তিন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে।
উপজাতি অধ্যুষিত পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলির এই খবরের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। কারণ সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওই এলাকায় প্রবেশ করা সম্ভব হয়নি।
আফগান সীমান্তবর্তী পাকিস্তানের কয়েকটি উপজাতি অধ্যুষিত এলাকার একটি বাজাউর। এই এলাকায় পাকিস্তানি তালেবানসহ বেশ কয়েকটি গ্রুপের যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। আফগান তালেবানের প্রতি অনুগত পাকিস্তানি তালেবান কাবুলের পতনের পর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের অভিযান জোরালো করেছে।
তবে রবিবার হামলার জন্য কোনও গ্রুপকে দায়ী করেনি পাকিস্তানি সেনাবাহিনী। তাদের বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী পাকিস্তানি বাহিনীর গুলিবর্ষণে ২০৩ সন্ত্রাসী নিহত এবং আরও তিন-চার জন আহত হয়েছে।
ওই বিবৃতিতে পাকিস্তানের বিরুদ্ধে আফগান ভূখণ্ড ব্যবহৃত হওয়ার নিন্দা জানানো হয়েছে। এতে আশা করা হয়েছে, কাবুলের ভবিষ্যত সরকার পাকিস্তানের বিরুদ্ধে এই ধরনের কর্মকাণ্ডকে সমর্থন করবে না।
সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ৩০ আগস্ট









