রিকশাচালককে নির্যাতনের ভিডিও ভাইরাল, নির্যাতনকারী আটক

কক্সবাজার, ১০ আগস্ট – কক্সবাজার শহরে রিকশা চালক আব্দুস শুক্কুর কে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এঘটনায় অভিযুক্ত শুক্কুর আলীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় অভিযুক্ত শহরের মোহাজের পাড়া থেকে শুক্কুর আলীকে আটক করা হয়।
আটক যুবক একই গ্রামের মোহাম্মদ জব্বারের ছেলে। রিকশাওয়ালা টেকনাফের নুরুল আমিনের ছেলে। বর্তমানে তিনি সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম লারপাড়ায় ভাড়া বাসায় থাকে।
পুলিশ সূত্র জানায়, যাত্রীর জন্য ৮ আগস্ট বেলা সাড়ে ১১টায় শহরের বাজারঘাটায় অপেক্ষা করছিল রিকশা চালক শুক্কুর। ওই সময় অভিযুক্ত শুক্কুর আলী রামু উপজেলার ২ নং মিঠাছড়ির চিরংঘর বাজারে যাবেন কিনা জানতে চান রিকশাওয়ালার কাছে।
জবাবে ২০০ টাকায় ভাড়ায় যেতে চান রিকশা চালক। কিন্তু ভাড়া বেশি চেয়েছে দাবি করে সেদিন রিকশাওয়ালাকে মারধর করে অভিযুক্ত যুবক।
প্রকাশ্য দিবালোকে কর্দমাক্ত রাস্তায় তাকে টেনে হিঁচড়ে ফেলে দেন। তখন আশেপাশের লোকজন এসে রিকশাওয়ালাকে উদ্ধার করে। পরে ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এরপর ভিডিটি দেখে পুলিশ ভিকটিম ও অভিযুক্তকে শনাক্ত করে। কক্সবাজার শহর ফাড়ির পুলিশ পরিদর্শক মো. আনোয়ার হোসেন বলেন, ভিডিওটি আমাদের পুলিশ সুপারের নজরে আসলে তিনি তাৎক্ষনিক অভিযুক্তকে আটক ও ভিকটিমকে উদ্ধারের নির্দেশনা দেয়। তার নির্দেশ এক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক ও ভিকটিমকে হেফাজতে আনি।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, বাজারঘাটা থেকে চিরিংঘরের দুরত্ব কমে ১২ কি.মি। এত দুরত্বের পথে ২০০ টাকা ভাড়া চাওয়ায় রিকশাওয়ালাকে মারধরের ঘটনা অমানবিক ও শাস্তিযোগ্য।
অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এউ, ১০ আগস্ট









