ফুটবল

মেসি পিএসজিতে গেলে তাদেরকে সব শিরোপা দিয়ে দিন

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে গেছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির। আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ক্লাব হিসেবে জোরেশোরে শোনা যাচ্ছে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) নাম।

আর এমনটা হলে পিএসজিকেই সব শিরোপা দিয়ে দেয়ার কথা বলেছেন কলম্বিয়ান তারকা ফুটবলার হামেস রদ্রিগেজ। কেননা এখনই পিএসজিতে রয়েছেন নেইমার, কাইলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডোনারুমাদের মতো তারকারা।

এদের সঙ্গে মেসিও যোগ দিলে পিএসজি এক অপ্রতিরোধ্য দল হয়ে যাবে বলে মনে করেন রদ্রিগেজ। যেখানে তারা একাই থাকবে সর্বেসর্বা। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইচে নিজের ভক্তদের সঙ্গে মত বিনিময় কালে এ বিষয়ে কথা বলেছেন রদ্রিগেজ।

কলম্বিয়ান তারকার ভাষ্য, ‘মেসি যদি পিএসজিতে যায়, তাহলে তারা সেখানে একাই খেলবে। তাদেরকে সব শিরোপা দিয়ে দিন। ইংল্যান্ডে মনে হয় না কেউ মেসির (উচ্চ) পারিশ্রমিক দিতে পারবে। কেউ যদি পারে, সেটা ম্যানচেস্টার সিটি।’

এদিকে মেসিকে ধরে রাখতে না পারায় বার্সাকেও বিপাকে পড়তে হবে জানিয়ে রদ্রিগেজ আরও বলেন, ‘মেসি প্রতি বছর অন্তত ৩০ গোল ও ৩০ এসিস্ট করে। এখন বার্সেলোনাকে এটি করার খেলোয়াড় খুঁজতে হবে। কেউ হয়তো ১০টি করে গোল-এসিস্ট করবে, কেউ আবার ৫টি করে… কিন্তু তাদের এটি খুঁজতে হবে।’

সূত্র :জাগো নিউজ
এন এইচ, ০৬ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language