বরিশাল বিভাগে একদিনে ১৪ মৃত্যু, শনাক্ত ৭৭৩

বরিশাল, ০৪ আগস্ট – বরিশাল বিভাগে একদিনে করোনায় আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে ৯ জনসহ মোট ১৪ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৮ শতাংশ।
বুধবার সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
তবে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম গত একদিনে হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যুর কথা জানান। তারমধ্যে করোনা আক্রান্ত ছয়জন ও উপসর্গ নিয়ে ৯ জন।
তিনি জানান, হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে বুধবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন ছিল ৩৪৯ জন। তার মধ্যে করোনা আক্রান্ত রোগী ১২৪ জন।
তিনি আরো জানান, মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জন পজিটিভ শনাক্ত হন। শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ।
এদিকে স্বাস্থ্য অধিদফতরের বরিশালে বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলায় দুই হাজার ২২৯টি নমুনা পরীক্ষায় ৭৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৪ দশমিক ৬৮ শতাংশ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ আগস্ট









