হলিউড
মারা গেলেন অভিনেতা জ্যাকি মাসোন
আমেরিকার জনপ্রিয় কৌতুক অভিনেতা জ্যাকি মাসোন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। বার্ধক্যজনিত জটিলতায় দুই সপ্তাহ আগে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন জ্যাকি মাসোন। গত শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। জ্যাকি মাসোন ছিলেন স্ট্যান্ডআপ কমেডিয়ান। ১৯৮৬ সালে ‘ব্রডওয়ে’র টক শো ‘দ্য ওয়ান-ম্যান শো’ তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল। তার উপস্থিত বুদ্ধি এবং রসবোধ মুগ্ধ করত দর্শকদের। তবে মাঝে মাঝে সমালোচিতও হয়েছেন। একবার তিনি বলেছিলেন, ‘আমেরিকার আশি শতাংশ বিবাহিত পুরুষ প্রতারণা করেন, বাকিটা করেন ইউরোপের পুরুষরা।’ তার এই মন্তব্য ঘিরে বিতর্কের ঝড় উঠেছিল। জ্যাকি মাসোন ‘দ্য সিম্পসন্স’-এর ‘ক্রাস্টি দ্য ক্লাউনস ফাদার’ চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য টনি অ্যাওয়ার্ড ও অ্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।
এস সি/ ২৭ জুলাই









