‘পবিত্র রিশতা টু’ বয়কটের ডাক সুশান্ত ভক্তদের

মুম্বাই, ২৫ জুলাই – ভারতের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিশতা’র দ্বিতীয় সিজন ‘পবিত্র রিশতা টু’র শ্যুটিং শুরু হয়েছে। ‘অর্চনা’ চরিত্রে এবারও থাকছেন অঙ্কিতা লোখান্ডে। ‘মানব’ চরিত্রে সুশান্তের বদলে থাকছেন শাহির শেখ।
বিষয়টি মানতে পারছেন না সুশান্ত-ভক্তরা। ‘পবিত্র রিশতা টু’ বয়কটের ডাক দিয়েছেন তারা। সমালোচনা করছেন অঙ্কিতারও। টুইটারে ‘বয়কট পবিত্র রিশতা টু’ এই মুহূর্তে ট্রেন্ডিং। নেটিজেনদের একাংশের দাবি, তারা সুশান্তের স্থানে অন্য কোনো অভিনেতাকে মানতে পারবেন না।
কেউ একতা কাপুরের উদ্দেশে লিখেছেন, ‘মানুষের অনুভূতি নিয়ে খেলবেন না!’ আবার কেউ বলেছেন, ‘মানব চরিত্রটি একটি আবেগের নাম। আমাদের মানব শুধুই সুশান্ত।’ ‘পবিত্র রিশতা’ ধারাবাহিক দিয়েই সুশান্তের সঙ্গে অঙ্কিতার পরিচয়। দীর্ঘ ছয় বছর সম্পর্কে ছিলেন তারা। ২০১৬ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। প্রাক্তন প্রেমিকের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অঙ্কিতা। ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। এরপর বলিউডে ঘটতে থাকে একের পর এক ঘটনা। এক বছর কেটে গেলেও সুশান্তের মৃত্যুর রহস্য ভেদ করা যায়নি।
এম এউ, ২৫ জুলাই









