সাতক্ষীরা

সাতক্ষীরায় একদিনে করোনা উপসর্গে ৮ মৃত্যু, শনাক্ত ১১২

সাতক্ষীরা, ০৯ জুলাই – সাতক্ষীরায় করোনা উপসর্গে ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে মারা গেছেন ৮ জন। একই সময়ে ২৮৫ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১১২ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ২৯ শতাংশ।

জেলায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মারা গেছেন মোট ৪০২ জন। আর করোনা আক্রান্ত ৭৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৮ জন। এছাড়া বর্তমানে জেলায় ১ হাজার ২৫২ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন।

এদের মধ্যে করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ জন করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে ২৪১ জন চিকিৎসাধীন রয়েছে। বাকীরা বিভিন্ন ক্লিনিক ও বাসা বাড়িতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গে মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার পাথর ঘাটা গ্রামের সুব্রত আলী (৮০), ইটাগাছা মানিকতলা গ্রামের আমিরুল ইসলাম (৬২, সাতিয়ানতলা গ্রামের মাহফুজা (৫০), মামুন শেখের স্ত্রী তাহমিনা (৩৫), কলারোয়া উপজেলার শংকরপুর গ্রামের নাছিম উদ্দিন (৪০), বড়ালী গ্রামের রাবেয়া খাতুন (৬৮), আশাশুনি উপজেলার শোভনালী গ্রামের মোকছেদ আলী (৬৯), কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আব্দুল খালেক (৯০), তারা বেশ কিছুদিন জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্বাবধায়ক শেখ-কুদরত-ই-খোদা।

এদিকে সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে লকডাউন পালিত হচ্ছে। ইঞ্জিনভ্যান,নছিমন, করিমন ও ইজিবাইক চলাচল করছে। কোন ভাবে স্বাস্থ্যবিধি ও সরকারি বিধিনিষেধ মানছে সাধারণ মানুষ। রাস্তাঘাটে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আগের তুলনায় কম লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৯ জুলাই


Back to top button
🌐 Read in Your Language