আসাম

আসামের মানস জাতীয় উদ্যানে এক বছরে ১৬টি রয়েল বেঙ্গল বেড়েছে

কলকাতা, ০৩ জুলাই – এক বছরের ব্যবধানে ১৬টি রয়েল বেঙ্গল টাইগার বেড়েছে ভারতের আসামের মানস জাতীয় উদ্যানে। চলতি সপ্তাহে মানস বাঘ সংরক্ষণ প্রকল্পের ফিল্ড ডিরেক্টর অমলচন্দ্র শর্মা এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ট্র্যাপ ক্যামেরায় তোলা ছবি দেখে প্রতিটি বাঘকে পৃথকভাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অন্তত ১৯টি পূর্ণবয়স্ক বাঘিনী, ১৬টি পূর্ণবয়স্ক পুরুষ বাঘ, ৩টি তরুণ এবং ৭টি শাবক রয়েছে।’

তিনি জানান, উদ্যানের সঙ্গে যে ৩৫০ বর্গকিলোমিটার এলাকা সংযোজিত হয়েছে, সেখানেও ৪টি বাঘের সন্ধান মিলেছে।

২০১০ সালের শুমারিতে মানসে বাঘের সংখ্যা ছিল মাত্র ১০টি। ২০১৪ সালে মানস জুড়ে ট্র্যাপ ক্যামেরা বসিয়ে অন্তত ১৬টি বাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হন কর্মকর্তারা।

সংস্থার পক্ষ থেকে ২০১৮ সালের শেষ পর্বে প্রকাশিত ‘টাইগার স্ট্যাটাস রিপোর্ট’ জানায়, বাঘের সংখ্যা বেড়ে হয়েছে অন্তত ২৮।

মানসে বন্যপ্রাণ সংরক্ষণের কাজে যুক্ত ডব্লিউটিআই-এর গবেষক সনাতন ডেকা শুক্রবার বলেন, ‘শুধু বাঘ নয়, অন্যান্য বন্যপ্রাণ সংরক্ষণের ক্ষেত্রেও মানস দেশের মধ্যে নতুন দৃষ্টান্ত তৈরি করেছে। ২০০৫ সালে মানস গন্ডার-শূন্য হয়ে গিয়েছিল। আসামের কাজিরাঙা এবং পবিতোরা থেকে কয়েকটি গন্ডার এনে শুরু হয় পুনর্বাসনের কাজ। সেই সংখ্যা বেড়ে এখন ৫০ ছুঁতে চলছে। এক বছরে অনেক বেড়েছে জলাভূমির হরিণের সংখ্যাও।’

তথ্যসূত্র: দেশ রূপান্তর
এস সি/০৩ জুলাই

 


Back to top button
🌐 Read in Your Language