বিচিত্রতা

দুই মাথাওয়ালা কচ্ছপ!

জন্ম থেকেই তার দুই মাথা। সাধারণত এমন ক্ষেত্রে তার বাঁচার কথা নয়। কিন্তু এমন অবস্থাতে সে দিব্যি কাটিয়ে দিয়েছে তিন মাস। এই দুই-মুণ্ডু কচ্ছপ এখন সংবাদ শিরোনামে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর‌’-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, পূর্ব চিনের জিয়ংঝি প্রদেশের শাংগ্রাও শহরে এক বন্যপ্রাণ উদ্ধার কেন্দ্রে কচ্ছপটিকে রাখা হয়েছে। সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, কচ্ছপটিকে তাঁরা এই মুহূর্তে ছেড়ে দিতে পারছেন না। কারণ, এতে বিপরীত কিছু ঘটে যেতে পারে।

উদ্ধার কেন্দ্রের কর্মী টু জুয়ান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কচ্ছপটি জাতে ‘রেড-ইয়ারড স্লিডার’। সাধারণত এদের মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণে এবং মেক্সিকোর উত্তরে পাওয়া যায়। চিনে এই প্রজাতির কচ্ছপের দেখা পাওয়াটাই একটা বিস্ময়ের ব্যাপার।

আপাতত কচ্ছপটিকে একটি প্লাস্টিক ট্যাংকে রাখা হয়েছে। টু জুয়ান জানিয়েছেন, তার খাওয়া-দাওয়া স্বাভাবিক। ওই প্রজাতির অন্য কচ্ছপরা যা খায়, সে তা-ই খাচ্ছে।

চাইনিজ অ্যাকাডেমি অফ সায়েন্সেস ইনস্টিটিউট অফ বায়োফিজিক্স-এর গবেষক জিন জিনপিয়াং জানিয়েছেন, এই কাণ্ডের পিছনে পরিবেশগত কারণ কাজ করেছে। তবে কচ্ছপটির দীর্ঘায়ু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। সাধারণত এই প্রজাতির কচ্ছপরা ২০-৩০ বছর বাঁচে। এটি ততদিন বাঁচবে বলে মনে হয় না।

এম এন / ০২ জুন


Back to top button
🌐 Read in Your Language