টেলিভিশন দিয়ে তৈরি ঘর

বাড়ির দেয়ালের জন্য আমরা গাছ থেকে শুরু করে টিন, ইট কত কিছুই না ব্যবহার করি। কিন্তু কেউ কি কখনো দেয়াল হিসেবে টিভি ব্যবহারের কথা ভেবেছেন! যে বিষয়টা হয়তো আপনার কল্পনাতেও আসেনি, সেটিই করেছেন ভিয়েতনামের হনথম দ্বীপের এক বাসিন্দা।
তিনি তার বাড়ির প্রাচীর নির্মাণ করেছেন পুরোনো টেলিভিশন সেট দিয়ে। থানাথিয়েন নামের এক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি বাড়িটির কয়েকটি ছবি তুলে কং ছো চো নামের একটি গ্রুপে পোস্ট করেন। এরপর ছবিগুলো ভাইরাল হয়। তবে বাড়ির মালিকের নাম প্রকাশ করেননি ওই ব্যক্তি।
হনথম দ্বীপের রাস্তার পাশের এই বাড়ি বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে। অনেকেই প্রাচীরের প্রশংসা করেছেন। এটাকে তারা ভিন্নধর্মী উদ্যোগ এবং পুরাতন জিনিসের ব্যতিক্রমী ব্যবহার বলছেন। আবার কেউ কেউ সমালোচনাও করেছেন।
সমালোচকরা বলছেন, টেলিভিশনের কাচ ও অন্যান্য যন্ত্রাংশ শিশুদের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ টেলিভিশনের ক্যাথোড রে টিউবে ক্ষতিকর পারদ এবং সিসা থাকে যা এসব পুরাতন সেট থেকে সহজেই পরিবেশের সাথে মিশে পরিবেশ দূষিত করতে পারে।
তবে প্রশংসা বা সমালোচনার মাঝেও বাড়িটি বেশ সাড়া ফেলেছে। প্রতিদিন কেউ না কেউ প্রাচীর দেখতে আসছেন।
এম এন / ০২ জুন









