ভিজিডি কার্ডের তালিকায় চেয়ারম্যানের শাশুড়ি, শিক্ষক, ব্যবসায়ী

রংপুর, ২৮ মে– রংপুর সদরের সদ্যপুস্করিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানার বিরুদ্ধে ভিজিডি কার্ডের অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান সোহেল রানা দুস্থদের ভিজিডি কার্ড নিজের নিকট আত্মীয়সহ ধনীদের নামে করেছেন।
সরকারি নিয়ম অনুসারে, চাকরিজীবী, শিক্ষক, ব্যবসায়ী, ইউপি সদস্যদের পরিবারের কারো নামে কার্ড দেওয়ার বিধান নেই। তবে চেয়ারম্যান সোহেল রানা ইউপি সদস্যদের সঙ্গে নিয়ে দুই শতাধিক দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিডি কার্ড দিয়েছেন ধনীদের নামে। যাদের অনেক ধন-সম্পদ থাকার পরেও প্রতি মাসে ভিজিডির ৩০ কেজি চাল তুলছেন।
অভিযোগ রয়েছে, দুস্থদের তালিকায় তিনি বাদ রাখেননি নিজের শাশুড়ির নাম। ২২৯ নম্বর কার্ডে দেখা যায় চেয়ারম্যান সোহেল রানার শাশুড়ি হাসমত আরার নাম। দুস্থদের ৩০ কেজি করে চাল এ পর্যন্ত ৪ বার ঘরে তুলেছেন তিনি।
চেয়ারম্যানের শাশুড়ির নাম তালিকায় দেখে সরেজমিনে তাদের বাড়ি সদ্যপুস্করিনীর পালিচড়া বকসি পাড়া গেলে দেখা যায়, তাদের পাকা বাড়ি, জমিজমা, অর্থবৃত্ত সবকিছু রয়েছে। এ ছাড়া হাসমত আরার স্বামী দুলু মিয়া একজন সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক।
বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে ইউনিয়নের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
ইউনিয়নটির ভিজিডি কার্ডের তালিকায় দেখা গেছে, চেয়ারম্যানের শাশুড়ি ছাড়াও ৩৭৯ নম্বর কার্ডে শিমু বেগম নামে একজন সরকারি বাহিনীতে কর্মরত ব্যক্তির স্ত্রীর নাম। ৩৭৪, ৩৭৯ ও ৩৮০ নম্বর ভিজিডি চালের কার্ডধারীরা হচ্ছেন স্থানীয় এক হোমিওপ্যাথিক চিকিৎসক। তিনি চেয়ারম্যানের পরিবারের সদস্য এবং আর্থিকভাবে সচ্ছল। এ ছাড়া ৩২ নম্বর কার্ডে দেখা যায় পশু চিকিৎসক একরামুল হকের স্ত্রী শিরিনা বেগমের নাম।
সার্বিক বিষয় জানতে ফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসরাত সুমির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে সদ্যপুস্করিনী ইউপি চেয়ারম্যান সোহেল রানা বলেন, কিছু অনিয়ম হলেও ভিজিডি কার্ডে আমার শাশুড়ির নামের তথ্যটি মিথ্যা।
তিনি আরো জানান ইতিমধ্যে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে আসলে উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন যার রিপোর্ট আগামী ৩১ মে প্রকাশিত হবে।
২০১৯ সালে ভিজিএফের চাল চুরির অভিযোগে র্যাব-১৩ ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিছুদিন পর এ মামলায় জামিন পান তিনি।
সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২৮ মে









