শিক্ষা

বেসরকারি কলেজ পর্যায়ে বন্ধ হবে অনার্স-মাস্টার্স

ঢাকা, ২৬ মে– বৃত্তিমূলক শিক্ষা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে বেসরকারি কলেজ পর্যায়ে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই পরিকল্পনা জানান।

দীপ মনি বলেন, বেসরকারি কলেজ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পর্যায়ক্রমে এই অনার্স-মাস্টার্স বন্ধ করে দিয়ে সেখানে ডিগ্রি স্তরে শিক্ষার্থীরা পড়াশুনা করবেন, ডিগ্রি পরীক্ষা দেবেন।

তিনি বলেন, জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে বেসরকারি কলেজে নানান ধরনের শর্ট কোর্স, ডিপ্লোমা কোর্সগুলো করানো হবে। যেগুলো অনেক বেশি কর্মমুখী, আত্মকর্মসংস্থানে, উদ্যোক্তা তৈরিতে যেগুলো উপযুক্ত হবে।

তিনি বলেন, সব কলেজে অনার্স-মাস্টার্সের তেমন কোনো প্রয়োজন হয়ত নেই। অনেক ক্ষেত্রে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। আমরা সেটা চাই না। আমরা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপ দিতে চাই। এ লক্ষ্যে উপযুক্ত শিক্ষা সম্প্রসারণের একটি প্রয়াস এটি।

শিক্ষামন্ত্রী আরও বলেন, এই কাজটি একদিনে হঠাৎ করে বন্ধ করে দিয়ে করা যাবে না। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি দেখছেন। আর বিশেষজ্ঞদের সাথে কথা বলে নানা ধরনের পরীক্ষা-নীরিক্ষা করে এই সিদ্ধান্তগুলো নিতে হবে।

যারা এখন অনার্স-মাস্টার্সে ভর্তি হচ্ছেন, তাদের আশ্বস্ত করে দীপু মনি বলেন, তাদের শিক্ষাজীবন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা হবে।

সূত্র : দেশ রূপান্তর
এম এন / ২৬ মে


Back to top button
🌐 Read in Your Language