ফুটবল

ব্রাজিলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাভি

কোপা দেল রে ছাড়া এই মৌসুমে বার্সেলোনার কোনও প্রাপ্তি নেই। তাতে কোচ রোনাল্ড কোম্যানকে বিদায় করে সাবেক মিডফিল্ডার জাভি হার্নান্দেজকে তার স্থলাভিষিক্ত করার গুঞ্জন উঠেছে। কিন্তু শুধু বার্সা নয়, ব্রাজিল জাতীয় দল ও বরুশিয়া ডর্টমুন্ডও চেয়েছে তাকে। দুটি প্রস্তাবেই সরাসরি না বলে দিয়েছেন বার্সা আইকন।

বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচ জাভি। সম্প্রতি আরও দুই বছরের জন্য তাদের সঙ্গে চুক্তি করেছেন সাবেক স্প্যানিশ মিডফিল্ডার। এর কদিন আগে ২০২২ বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিলের সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে। বিশ্বকাপ বাছাইয়ের আগে তিতের ‘ডানহাত’ হিসেবে জাভিকে চেয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন। একাধিক সূত্রে এমনটা জানতে পেরেছে ইএসপিএন ব্রাজিল।

এই খবর নিয়ে প্রথম প্রতিবেদন করে স্প্যানিশ আউটলেট এএস, তারা জানায় প্রস্তাব পেয়ে ‘অবাক’ হয়েছিলেন জাভি। বিশ্বকাপ শেষে নাকি তিতের কাছ থেকে ব্রাজিলের দায়িত্ব তার কাঁধেই তুলে দেওয়া হতো। জাভির প্রতি আগ্রহ দেখালেও আলোচনা ছিল প্রাথমিক পর্যায়ে। চুক্তি কিংবা আর্থিক বিষয় নিয়ে বিস্তারিত কোনও আলোচনা হয়নি তার সঙ্গে।

গণমাধ্যমটি আরও জানায়, আল সাদের সঙ্গে নতুন চুক্তিতে সই করার আগে ডর্টমুন্ড জাভিকে তিন বছরের জন্য চুক্তির প্রস্তাব দিয়েছিল। ডিসেম্বরে লুসিয়েন ফাভ্রেকে বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত কোচ এডিন তেরজিককে দিয়ে কাজ চালাচ্ছে বুন্দেসলিগা ক্লাব। কিন্তু দুই দুটি লোভনীয় প্রস্তাব ঠেলে দিয়ে কাতারেই থেকে গেলেন তিনি।

বার্সার সঙ্গে খেলোয়াড়ি জীবনে ১৭টি ট্রফি জিতে ২০১৫ সালে আল সাদের সঙ্গে চুক্তি করেন জাভি। চার বছর পর বুটজোড়া তুলে রেখে কাতারি ক্লাবের কোচ হন। গত মৌসুমে তার অধীনে অপরাজিত থেকে ঘরোয়া শিরোপাও জেতে দলটি।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২০ মে

Back to top button
🌐 Read in Your Language