গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮

রামাল্লাহ, ১২ মে – ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিশুও রয়েছে। এছাড়া ইসরায়েলের বিমান থেকে ফেলা বোমার আঘাতে গাজা শহরের ১৩ তলা বিশিষ্ট হানাদি টাওয়ার ধসে পড়েছে।
ফিলিস্তিনি সংগঠন হামাস গাজা থেকে রকেট ছুড়লে পাল্টায় বিমান হামলা চালায় ইসরায়েল। সোমবার রাতভর সহিংসতার পর তা মঙ্গলবারেও গড়িয়েছে। গোটা অঞ্চলজুড়েই শোনা গেছে ফিলিস্তিনের রকেট নিক্ষেপ আর ইসরায়েলের বিমান হামলা চালানোর শব্দ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম ফিলিস্তিনের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, হামাসের ছোড়া রকেটের জবাবে সোমবার মধ্যরাত থেকে গাজায় বিমান হামলা চালায় ইসরায়েল। মঙ্গলবার রাতেও এই হামলা অব্যাহত রাখে তারা। ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
সোমবার রাত থেকে ইসরায়েলকে লক্ষ্য করে গাজা থেকে ৪০০ এর বেশি রকেট ছোড়া হয়েছে। এতে দুই ইসরায়েলি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর জবাবে ইসরায়েল গাজার ১৩০ টি লক্ষ্যবস্তুতে হামলা চালায়।
গাজার আরও ১৫০ টি লক্ষ্যবস্তুতে বিমান হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এসব হামলায় ১০ শিশুসহ ২৮ জন ফিলিস্তিনি নিহত হয়। আহত হয়েছে ১৫০ জনের বেশি।
ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই লড়াই শুরু হয় চলতি সপ্তাহের শুরুতে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দুপক্ষের মধ্যকার সংঘর্ষকে কেন্দ্র করে। সোমবার ভোরে আবারও ইসরায়েলি বাহিনী আল আকসায় ঢুকে পড়ে। সেখানে তারা ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও বোমা ছুড়েছে। এতে শতাধিক ব্যক্তি আহত হন।
সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক দিনে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি হামলায় ৭০০ এর বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১২ মে









