রাস্তার ধারে সাজানো ইফতারের প্যাকেট ও পানি, যে কেউ চাইলেই নিতে পারে

পটুয়াখালী, ১৮ এপ্রিল – নিম্ন আয়ের মানুষের জন্য পটুয়াখালী শহরের বিভিন্ন সড়কে গত কয়েকদিন ধরে ইফতারের প্যাকেট ও পানি সাজিয়ে রেখে পাশেই হাঁটা চলা করছেন কয়েকজন স্বেচ্ছাসেবক। সাজানোর লাইন থেকে একের পর এক ইফতারের প্যাকেট তুলে নিচ্ছেন রোজাদার ব্যক্তি।
রোববার (১৮ এপ্রিল) শেষ বিকেলে পটুয়াখালী সার্কিট হাউজ গোল চত্বরে বিভিন্ন পদের খাবার দিয়ে সাজানো ইফতারের প্যাকেট ও পানির বোতল সাজিয়ে রাখা হয়েছে।
এসব ইফতারি শহরের নিম্ন আয়ের মানুষ ও অসহায়দের জন্য। করোনা ভাইরাসের দ্বিতীয় টেউ প্রতিরোধে চলমান সংকটে অনেকেই তৃপ্তি নিয়ে ইফতার করতে পারছেন না। রোজা রেখে তারা যেন একটু ভালো ইফতার করতে পারেন সেজন্যই এই উদ্যোগটি গ্রহণ করেছে পটুয়াখালীবাসী নামে একটি যুব সংগঠন।
আরও পড়ুন : ৩ বিয়ের কথা স্বীকার করলেন মামুনুল হক
রমজানের শুরু থেকে নিয়মিত ইফতার ও পানি বিতরণ করতে বিশিষ্ট ব্যক্তিদের অনুদানই তাদের একমাত্র ভরসা। সংগঠনটির সদস্যরা প্রতিদিন শ্রম দিয়ে ইফতার সামগ্রী ক্রয় করে নিজেরাই প্যাকেট করেন। আসরের নামাজের পর এক এক দিন এক এক স্থানে রাস্তার পাশে তৃপ্তির ইফতার সাজিয়ে দাঁড়িয়ে থাকেন স্বেচ্ছাসেবকরা।
চলার পথে তৃপ্তির ইফতার হাতে পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে তৃপ্তির হাসি। সেসময় দুহাত ভরে দোয়া করেন আয়োজকদের জন্য। এরকম ব্যতিক্রমী আয়োজন দেখে যেমন খুশি উপকারভোগীরা, তেমনি আলোচনা ও প্রশংসায় ভাসছে সংগঠনটির সদস্যরা।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান রায়হান বলেন, করোনার এই বিরূপ পরিস্থিতিতে অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন, যার ফলে সাধ আর সাধ্যের মিল করে অনেকেই ইফতার তৈরি করতে পারছেন না অথবা কিনতে পারছেন না। এমন পরিস্থিতি বিবেচনায় বিত্তবানদের সহযোগিতায় আমরা ইফতার দেওয়ার এই ব্যতিক্রমী আয়োজন করেছি।
মানুষের সহযোগিতা পেলে পুরো রমজান স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষদের জন্য ব্যতিক্রমী বিভিন্ন আয়োজন থাকবে বলেও জানান সংগঠনের সভাপতি।
সূত্র : বাংলা নিউজ ২৪
অভি/ ১৮ এপ্রিল









