এশিয়া

এবার সু চির বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ আনল সেনাবাহিনী

নেপিডো, ১৮ মার্চ – মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন আরেকটি অভিযোগ আনছে দেশটির জান্তা সরকার। সংবাদমাধ্যম জানিয়েছে, এবার তার বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ আনা হচ্ছে।

৭৫ বছর বয়সী এই বর্ষীয়ান রাজনীতিবিদ এখন হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আগে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ আনা হয়। করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ক বিধিনিষেধ ভাঙায়ও অভিযুক্ত করা হয়েছে তাকে।

বুধবার রাতে সেনাবাহিনী পরিচালিত টিভি চ্যানেলে একটি ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে দেখা গেছে, এক ব্যবসায়ী সু চিকে কয়েক বছরে ৫ লাখ ৫০ হাজার ডলার দেয়ার স্বীকারোক্তি দিচ্ছেন।

আরও পড়ুন : বিশ্ব থেকে বিচ্ছিন্ন হচ্ছে মিয়ানমার

মং ওয়েইক নামের ওই ব্যবসায়ী বলেছেন, নিজের ব্যবসার মঙ্গলের জন্য তিনি সরকারের সিনিয়র কর্মকর্তাদের এই পরিমাণ অর্থ দিয়েছেন।

ভিডিওতে একজন ঘোষককে বলতে শোনা যায়, ‘অং সান সু চি দুর্নীতিতে জড়িত এবং তাকে দুর্নীতি বিরোধী আইনে অভিযুক্ত করা হবে।’

মিয়ানমার সেনাবাহিনী ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে। তখন সু চি এবং তার দলের একাধিক নেতাকে আটক করা হয়। দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ।

এই বিক্ষোভে অন্তত ৮০ জন নিহত হয়েছেন। দুই হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১৮ মার্চ


Back to top button
🌐 Read in Your Language