ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় হাতবোমা মেরে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়া, ১২ মার্চ – ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দুই প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার ভোর রাতে আখাউড়া-আগরতলা সড়কের পাশে দক্ষিণ ইউনিয়নের সাতপাড়া ও দ্বিজয়পুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দলের হামলায় সাতপাড়া গ্রামের বারু ভূঁইয়া (৬৫), তার স্ত্রী জাহানারা বেগম (৫০) ও ছেলে নাঈম ভূঁইয়া (৩৪) অপরদিকে দ্বিজয়পুর গ্রামের সিরাজ মিয়া (৪৫) আহত হন।

খবর পেয়ে আখাউড়া থানার পুলিশ এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাস্থলে ডাকাতদের ফেলে যাওয়া দেশীয় বিভিন্ন অস্ত্র পাওয়া গেছে।

আরও পড়ুন : এক অপারেশনে ৩৫ সেনাকে হত্যা করি

আহত নাঈম জানান, ভোর রাতে ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল তার বাড়িতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তাদের পড়নে ছিল হাফ প্যান্ট ও টি শার্ট। এ সময় বাড়ির লোকজন বাঁধা দিলে ডাকাতরা তাদেরকে দা দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতরা ঘরের সমস্ত মালামাল তছনছ করে। যাওয়ার পথে ডাকাতরা ককটেল ফাটিয়ে দৌড়ে চলে যায়।

এর আগে ডাকাতরা দ্বিজয়পুর গ্রামের সৌদি আরব ফেরত সিরাজ মিয়ার বাড়ি থেকে নগদ ৭৫ হাজার টাকা, মোবাইলসহ মূল্যবান সামগ্রী লুটে নেয়।

স্থানীয় বাসিন্দা শাহজাহান খন্দকার ও তাহের মিয়া বলেন, ভোর রাতে বিকট শব্দে ঘুম ভেঙে যায়। পরে চিৎকার শুনে পাশের বারু ভূঁইয়ার বাড়িতে গিয়ে দেখতে পাই বারু মিয়া ও পরিবারের লোকজনকে ডাকাতরা কুপিয়ে জখম করে গেছে। সেখানে ডাকাতদের ফেলে যাওয়া লম্বা দা ও অন্যান্য দেশীয় অস্ত্র দেখতে পাই।

আখাউড়া থানার ওসি রসুল আহমদ নিজামী বলেন, ঘটনার সঙ্গে যুক্তদের আটক ও মালামাল উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ১২ মার্চ


Back to top button
🌐 Read in Your Language