ঢালিউড

অবশেষে বনানী কবরস্থানেই সমাহিত শাহীন আলম

ঢাকা, ০৯ মার্চ – ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেতা চিত্রনায়ক শাহীন আলম মারা গেছেন। সোমবার (০৮ মার্চ) রাত ১০ টা ৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন নিয়ে জটিলতা সৃষ্টি হলেও অবশেষে সেখানেই তাঁকে দাফন করা হয়েছে।

নায়ক শাহীন আলমের দাফন নিয়ে সকালের দিকে কিছুটা জটিলতা দেখা দেয়। এরপর জটিলতা কাটিয়ে মঙ্গলবার (০৯ মার্চ) সকাল ১০টার দিকে তার দাফন সম্পন্ন হয়।

শাহীন আলমের দাফনের সময় নায়ক ওমর সানি এবং শাহীন আলমের পরিবাবের সদস্যরা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বাদ ফজর রাজধানীর গুলশানের নিকেতন মসজিদে তার জানাজা হয়।

এর আগে , সকালে বনানী কবরস্থানে শাহীন আলমের লাশ দাফন করতে এসে চরম বিপাকে পড়েন তার ছেলে ফাহিম আলম। অসহায়ের মতো কবরস্থানের সামনে বাবার মরহেদ নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।

এসময় তিনি গণমাধ্যমকে বলেন, আমার বাবার লাশ বনানী কবরস্থানে দাফনের জন্য নিয়ে এসেছি। এখানে আমার চাচার কবরের স্থানে বাবার মরদেহ দাফনের কথা ছিল। কিন্তু কবর কমিটি লোকেরা তাতে বাধা দেয়। তাদের বক্তব্য, মেয়রের অনুমতি নিয়ে সেখানে দাফন করতে হবে।

আরও পড়ুন : চিত্রনায়ক শাহীন আলম আর নেই

এ বিষয়ে দাফনে অংশ নেয়া মজার টিভির কন্টেন্ট ডিরেক্টর মাহসান স্বপ্ন বলেন, ‘শাহীন আলমের সঙ্গে আমার সম্পর্ক খুব ভাল। তার জন্য দাফনে এসেছি। কিন্তু এসে দেখছি এখানে একজনের কবরের ওপর আরেকজনের দাফন করতে চাইলে একটি নির্দিষ্ট সময় পার করতে হয়। সেই সময়ও পার হয়েছে কিন্তু তারা দাফন করতে দিচ্ছে না।’

এর আগে গত সপ্তাহে তাকে রাজধানীর আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। ৬ মার্চ থেকে লাইফ সাপোর্টে ছিলেন অভিনেতা শাহীন আলম।

শাহীন আলমের ছেলে ফাহিম নূর আলম গণমাধ্যমকে বলেন, ‘আগে থেকে বাবা কিডনির সমস্যায় ভুগছিলেন। গত সোমবার তার জ্বর আসে। আর শনিবার তাকে হাসপাতালে নেওয়া হয়।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’ ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক সিনেমায় অভিনয় করেন তিনি।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ঘাটের মাঝি, এক পলকে, গরিবের সংসার, তেজী, চাঁদাবাজ, প্রেম প্রতিশোধ, টাইগার, রাগ-অনুরাগ, দাগী সন্তান, বাঘা-বাঘিনী, আলিফ লায়লা, স্বপ্নের নায়ক, আঞ্জুমান, অজানা শত্রু, দেশদ্রোহী, প্রেম দিওয়ানা, আমার মা, পাগলা বাবুল, শক্তির লড়াই, দলপতি, পাপী সন্তান, ঢাকাইয়া মাস্তান, বিগবস, বাবা ও বাঘের বাচ্চা।

এন এইচ, ০৯ মার্চ


Back to top button
🌐 Read in Your Language